নেইমারকে ছাড়াই মিশন শুরু বার্সার
দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন, ছুঁয়েছেন পেপ গার্দিওলার রেকর্ড। বার্সেলোনাও ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ত্রিমুকুট জিতেছে গত মৌসুমে। নতুন মৌসুম শুরুর আগে লুইস এনরিকের সামনে সুযোগ পূর্বসূরির গড়া আরেকটি রেকর্ডে ভাগ বসানোর—এক বছরে ছয় শিরোপা! এই অভিযানের শুরু আগামীকাল জর্জিয়ার তিবিলিসিতে। উয়েফা সুপার কাপে তাদের প্রতিপক্ষ স্পেনেরই আরেক ক্লাব সেভিয়া।
মিশন শিরোপা-ষষ্ঠকের প্রথম ম্যাচে এনরিকে অবশ্য পাচ্ছেন না ‘এমএসএন’ ত্রয়ীকে। গলার ব্যথায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। ব্রাজিল তারকার জায়গায় দলে আসতে পারেন পেদ্রো। দলবদলের গুঞ্জন সত্যি হলে বার্সার জার্সিতে এটিই হতে পারে এই স্প্যানিশ ফরোয়ার্ডের শেষ ম্যাচ। মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের সবাই অবশ্য থাকছেন কাতালান দলটির প্রথম একাদশে।
টানা দুবারের উয়েফা সুপার কাপজয়ী সেভিয়া দলটি অবশ্য বদলে গেছে। দল ছেড়ে গেছেন স্ট্রাইকার কার্লোস বাক্কা। তাঁর বদলে উনাই এমেরির দল হয়তো গোলের জন্য তাকিয়ে থাকবে সাবেক পিএসজি স্ট্রাইকার কেভিন গামেইরোর দিকে। সঙ্গে থাকতে পারেন এই মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ধারে আসা ইতালিয়ান স্ট্রাইকার সিরো ইমোবিলে। তবে আলো কাড়তে পারেন ইউক্রেনের ইয়েভেন কনোপ্লিয়াঙ্কাও। বার্সার রক্ষণকে কঠিন একটা ম্যাচ ‘উপহার’ দেওয়ার ক্ষমতা আছে সাবেক নিপ্রো উইঙ্গারের।
দুই দল এর আগে ২০০৬ সালেও উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়েছিল। তবে মোনাকোর সেই ম্যাচটিকে ভুলেই থাকতে চাইবে বার্সেলোনা। ম্যাচটিতে যে তাদের ৩-০ গোলের লজ্জা দিয়েছিল সেভিয়া। এএফপি।