নেইমারকে নিয়ে মজা করছে পর্তুগালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ফেসবুক পেজে নেইমারের এই ছবি ব্যবহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ফেসবুক পেজে নেইমারের এই ছবি ব্যবহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
>রাশিয়া বিশ্বকাপে মাঠে ‘ডাইভ’ দেওয়ার জন্য তুমুল সমালোচনার শিকার হচ্ছেন নেইমার। পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট অবশ্য নেইমারের নাটুকেপনা ব্যবহার করেছে ইতিবাচকভাবে। সচেতনতা বাড়াতে নেইমারের এই বিতর্কিত অভ্যাসকে ব্যবহার করেছে তারা

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল এখন অতীত। নেইমারও তাই। একটু ভুল হলো। ব্রাজিলের সেরা তারকা বিশ্বকাপের মাঠ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মাঠে তাঁর কীর্তিকলাপ নিয়ে মজেছে সামাজিক যোগাযোগমাধ্যম। নেইমারের ‘ডাইভ’ দেওয়ার কিংবা ট্যাকলের পর অতিরিক্ত গড়াগড়ি দেওয়ার প্রবণতা নিয়ে নানা রকম হাস্যরসাত্মক ‘ট্রল’ হচ্ছে। এদের দলে পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটও যে যোগ দেবে, তা কে জানত!

পর্তুগালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল ইমার্জেন্সি’ (আইএনইএম) সরাসরি মজা নেয়নি। তারা নেইমারের ‘ডাইভ’ বিতর্ক নিয়ে মজা করার মধ্য দিয়েই সচেতনতা বাড়ানোর কার্যক্রম হাতে নিয়েছে। তা খুলে বলার আগে নেইমারের ‘ডাইভ’ প্রবণতায় ম্যাচের ওপর কী প্রভাব পড়ে, সেটা একটু ব্যাখ্যা করা যাক।

রাশিয়া বিশ্বকাপে দৃশ্যটা বারবার চোখে পড়েছে। প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের সামান্য বাধাতেই নেইমার মাটিতে লুটিয়ে পড়ছেন। কখনো এমন হয়েছে যে ডিফেন্ডার তাঁকে হয়তো কোনো রকম বাধাই দেননি, কিন্তু ওই মুহূর্তটুকুর সুবিধা নিতে নেইমার মাটিতে পড়ে গেলেন। রেফারিও বোকা বনে গিয়ে বাজালেন ফাউলের বাঁশি। একটি পেনাল্টিও পেয়েছিলেন এভাবে কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে দেখা গেল, সেটা ছিল ‘অভিনয়’।

এবার বিশ্বকাপে নেইমারের ড্রিবলিং ক্ষমতার চেয়ে এই অভিনয়দক্ষতাটুকুই বেশি করে চোখে পড়েছে। আইএনইএম তাঁর এই বিতর্কিত দক্ষতাটুকুই সামাজিক সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করেছে। কীভাবে? শুক্রবার তারা নিজেদের ফেসবুক পেজে নেইমারের মাঠে পড়ে যাওয়ার একটি ছবি পোস্ট করে। সেই ছবির ওপর আইএনইএম লিখেছে, দেশটির জরুরি স্বাস্থ্যসেবা পেতে ১১২ নম্বরে যত ফোন আসে, তার মধ্যে ৭৫.৮ শতাংশই ‘জরুরি নয়’—মানে ফোন কলগুলো এলে প্রাথমিকভাবে যা মনে হয়, অতটা গুরুত্বপূর্ণ নয়।

এ থেকে কী বোঝা গেল? নেইমার যেমন ট্যাকলের পর সুবিধা আদায় করতে গিয়ে যা নয়, তার চেয়ে বেশি দেখিয়ে ফেলেছেন। পর্তুগিজরাও জরুরি স্বাস্থ্যসেবায় ‘অ-জরুরি’ সাহায্য চেয়ে খামোখাই ব্যস্ত রাখেন জরুরি সেবার নম্বর। দেশের নাগরিকেরা যেন এই কাজ না করেন, তা বোঝাতেই নেইমারের ‘ডাইভ’ দেওয়ার ছবিটা কাজে লাগিয়েছে আইএনইএম।