নেইমারকে পাওয়ার জন্য...
ফুটবলে এ রকম গুঞ্জন আসলে বছরজুড়েই চলতে থাকে। এর কোনটা কতটা সত্যি, বলা মুশকিল। এই যেমন বার্সেলোনা-ভিত্তিক স্প্যানিশ পত্রিকা স্পোর্ত দাবি করছে, নেইমারকে পাওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে যদি ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়তে হয় তাতেও সমস্যা নেই, বার্সেলোনায় নেইমারের এখনকার বেতনের দ্বিগুণ বেতনও নাকি দিতে রাজি তারা!
স্পোর্ত এই খবরের সূত্র হিসেবে উল্লেখ করেছে নেইমারের বাবার কথা। ইউনাইটেড নাকি এর আগেও যোগাযোগ করেছিল নেইমারের বাবার সঙ্গে। তবে এখন আক্ষরিক অর্থেই যেকোনো মূল্যে নেইমারকে পেতে চায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। এতে যদি বিশ্বের সবচেয়ে দাবি ফুটবলার পল পগবার (১০৫ মিলিয়ন ইউরো) চেয়েও বেশি ট্রান্সফার ফি দিতে হয়, তাতেও আপত্তি নেই ইউনাইটেডের। স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড নেইমারকে মৌসুমে ২৫ মিলিয়ন ইউরো বেতনও দিতে রাজি, যা বার্সেলোনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এখনকার বেতনের প্রায় দ্বিগুণ। আর সেটা হলে ইউনাইটেডের রুনি-পগবা আর সিটির আগুয়েরোদের ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হয়ে যাবেন নেইমার।
প্রশ্ন হচ্ছে, ব্রাজিল ফরোয়ার্ড কি আদৌ বার্সেলোনা ছাড়তে আগ্রহী? ইয়াহু নিউজ।