নেইমারকে বার্সা ছাড়তে মানা করছেন রোনালদো

নেইমার বার্সেলোনা ছাড়লে সবচেয়ে বেশি খুশি হবে কারা? অবশ্যই রিয়াল মাদ্রিদ। যেকোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারা একজন প্রতিপক্ষ দলে থাকা মানেই তো যন্ত্রণা। চিরপ্রতিদ্বন্দ্বীরা দুর্বল হয়ে যাক, এটাই তো সবার চাওয়া! কিন্তু অন্তত একজনকে দেখা যাচ্ছে যিনি সহজ পথে হাঁটতে রাজি নন। তিনি আর কেউ নন, রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো!
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা চেষ্টা করছেন নেইমারকে বার্সেলোনায় থেকে যেতে রাজি করাতে। দলের অন্যরাও সংবাদমাধ্যম কিংবা আড়ালেও তাঁকে বার্সেলোনায় থেকে যেতে বলছেন। নতুন কোচ ভালভার্দেও দায়িত্ব নিয়ে মেসির প্রশংসা করার পরই ‘নেইমার বার্সাতেই থাকবে’ বলে ঘোষণা দিচ্ছেন। সে দলে এবার নাম লিখিয়েছেন রোনালদোও। রোনালদো বলছেন বার্সা ছাড়া পিএসজিতে না যেতে।
মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে দুজনের সম্পর্কটা দুর্দান্ত। দুজনের স্পনসরও একই—নাইকি। তবে সে কারণেই যে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পরামর্শ দিচ্ছেন, তা নয়। নেইমারের শুভাকাঙ্ক্ষী হিসেবেই রোনালদো এই উপদেশ দিচ্ছেন। স্প্যানিশ ওয়েবসাইট দিয়ারিও গোল জানিয়েছে হোয়াটসঅ্যাপে নেইমারকে রোনালদো বলেছেন, বার্সা ছেড়ে যেন পিএসজিতে না যান। কারণ তাঁর চোখে সেটি নেইমারের ক্যারিয়ারে এক ধাপ এগোনো নয়, পেছানো। পর্তুগিজ ফরোয়ার্ডের চোখে বার্সার চেয়ে বড় শুধু একটা দলই আছে। যেখানে গেলে খেলোয়াড় হিসেবে আরও উন্নতি করতে পারবেন নেইমার।
নিশ্চয়ই অনুমান করতে পারছেন, রোনালদোর চোখে তা কোন দল? রিয়াল মাদ্রিদ! তবে নেইমারের রিয়ালে যাওয়া প্রায় অসম্ভব জেনেই কিনা কখনো বার্সা ছাড়লে নেইমারের গন্তব্য কী হবে সেটিও ঠিক করে দিলেন রোনালদো। সেটি পর্তুগিজ ফরোয়ার্ডেরই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড! সূত্র: দিয়ারিও গোল।