নেইমারকে ভাগিয়ে আনছে ইউনাইটেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের গায়ের জার্সি বদলে যাচ্ছে? ফাইল ছবি
নেইমারের গায়ের জার্সি বদলে যাচ্ছে? ফাইল ছবি

ট্রাম্প কার্ডটা হোসে মরিনহোই মেরেছেন। তবে এবার নাকি চেলসি কোচের ওপর ওভার ট্রাম্প করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের মুখের গ্রাস থেকে পেদ্রোকে ভাগিয়ে নেওয়ার পাল্টা জবাব হিসেবে খোদ নেইমারকেই নাকি সই করানোর ছক করছে লুইস ফন গালের দল!
এই খবর বার্সা সমর্থকদের আতঙ্কিত করতেই পারে। পেদ্রোকে হারানোও যেখানে দলের ক্ষতি বলে মনে করছে তারা। প্রথম মৌসুমেই শিরোপাত্রয়ী এনে দেওয়ার পরও বার্সা ভেঙে ফেলবে এমএসএন-ত্রয়ী! আপনি বার্সা সমর্থক হলে দুটো কারণে স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। প্রথমত খবরটা দিয়েছেন সান-এর মতো ট্যাবলয়েড। দ্বিতীয়ত, এবারের দলবদলে ফাঁকা কামান দাগিয়েই যাচ্ছে ইউনাইটেড। গ্যারেথ বেল থেকে টমাস মুলার—কত নামই শোনা গেল, এক পেদ্রোকেই ভেড়াতে পারল না।
তবে আসলেই কি পুরো চিন্তামুক্ত হওয়ার উপায় আছে? না, নেই। দুটো কারণে নেই। ভালো দাম পেলে নেইমারকে বার্সা বেচে দিতে আগ্রহী হবে। নেইমারও ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে দলবদলে রাজি হতে পারেন, ইউনাইটেডের ঐতিহ্যও তো আর বার্সার চেয়ে কম নয়।
ট্রেবল জেতার মাত্র কদিন পরেই বার্সার অর্থনীতি বিষয়ক প্রধান হাভিয়ের ফাউস ইঙ্গিত দিয়েছিলেন, এমএসএনের একজনকে অন্তত ছেড়ে দিতে পারে বার্সা। একে তো স্পেনের অর্থনীতির অবস্থা ভালো নয়। তার ওপর উয়েফা চালু করেছে আর্থিক ন্যায্যতার নীতি (ফিন্যান্সিয়াল ফেয়ারপ্লে)। চাইলেই কাঁড়ি কাঁড়ি টাকা ঢালা যাবে না। এর একটা সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে। ফাউস বলেছিলেন, ‘আমরা অত বেশি সাপ্তাহিক বেতন আর দিতে পারব না। ভালো ফুটবলারদের সব সময় ধরে রাখতে চাই। কিন্তু অন্য কোনো ক্লাব ভালো প্রস্তাব দিলে হয়তো আমরা তাদের আটকাতে পারব না।’
লা মেসিয়া থেকে খেলোয়াড় তৈরির জন্য বিখ্যাত বার্সা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে গিয়ে গত কয়েক মৌসুমে গুচ্ছের টাকা খরচ করেছে। অঙ্কটা চোখ কপালে তুলে দেওয়ার মতো। সার্বিক অবস্থা বিবেচনায় ভালো প্রস্তাব পেলে এমএসএস-এর একজনকে বার্সা ছেড়ে দেবে, এই ইঙ্গিত ফাউসই দিয়েছিলেন, ‘মেসি, নেইমার, সুয়ারেজকে ক্লাবে রাখা এখন একটা চ্যালেঞ্জের মতো। ওদের কাউকে হারাতে চাই না। কিন্তু কোনো ক্লাবের আর্থিক ক্ষমতা থাকলে ওদের সই করাতেই পারে।’
কিন্তু নেইমার কেন আগ্রহী হবেন। হবেন দুটো কারণে। ইউনাইটেডে তিনিই হবেন এক নম্বর খেলোয়াড়। মেসির ছায়ায় থেকে আর যাই হোক বর্ষসেরা ফুটবলার হওয়ার তাঁর জন্য দুঃসাধ্য। আর সুয়ারেজও এসে ভেড়ায় এবার তো ইউরোপের সেরা তিনেও আসতে পারলেন না। গত মৌসুমে ৩৯ গোল করা নেইমার সেই সুযোগ বা চ্যালেঞ্জটা নিতে প্রলুব্ধ হতে পারেন। সেই প্রলোভনের সঙ্গে বেতন বাড়ার মধুটাও কিন্তু যোগ করে দেবে ইউনাইটেড।
দেখা যাক, কী হয়!