নেইমারকে ভাগিয়ে আনতে চায় রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে রিয়ালের জার্সিতে দেখতে চান পেরেজ?
নেইমারকে রিয়ালের জার্সিতে দেখতে চান পেরেজ?

লুইস ফিগোই সবচেয়ে বড় উদাহরণ। ব্রাজিল কিংবদন্তি রোনালদোও প্রথমে বার্সেলোনায় খেলে পরে ইন্টার মিলান ঘুরে নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তবে ফিগোর ঘটনায় যে তোলপাড় ফেলেছিল, সেটিকেও হার মানানোর প্রস্তুতি নাকি শুরু করছে রিয়াল। বার্সেলোনা থেকে নিজেদের দলে তারা টানতে চায় খোদ নেইমারকে!
২০১৮ সালে নেইমারের সঙ্গে বার্সার চুক্তি শেষ হবে। অবশ্য বার্সা এরই মধ্যে নেইমারকে আরও একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে। দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছে। কিন্তু বার্সা-নেইমারের সম্পর্ক আরও অটুট হওয়ার ক্ষেত্রে বাদ সাধতে চান ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল সভাপতি নাকি ছক কষছেন, কী করে নেইমারকে বার্সা থেকে রিয়ালে উড়িয়ে আনা যায়। বার্সা নেইমারকে যে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে, তার চেয়েও কয়েক গুণ লোভনীয় প্রস্তাবই নাকি দেবেন পেরেজে। স্প্যানিশ দৈনিক এএস দিয়েছে এই খবর।
স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কার খবর অবশ্য বলছে, বার্সার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে সই করার একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছেন নেইমার। বছরে দেড় কোটি ডলারের বেতন পাবেন, যেটি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর নেইমারকেই তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানিয়ে দেবে। পরশু রিয়াল সোসিয়েদাদকে হারানোর পর নেইমার নিজেও বলেছেন, ‘এখনো তো চুক্তিতে কয়েক বছর আছেই, আমার বাবা এরই মধ্যে আমার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। আমরা চুক্তি নবায়ন করতে চাই, কারণ আমার এখানেই থাকার ইচ্ছা।’
নেইমারের বার্সা ছাড়ার একমাত্র কারণ হতে পারে মেসির সঙ্গে তাঁর স্বার্থ কিংবা অহংয়ের লড়াই। মেসির চোটের অনুপস্থিতিতে নিজেকে পুরোপুরি মেলে ধরেছিলেন। এমন কথা ওঠা তাই অস্বাভাবিক নয়, বিশ্ব সেরা হতে গেলে মেসির ছায়া থেকে বেরোতে হবে নেইমারকে। কিন্তু নেইমারের সঙ্গে মেসির সম্পর্ক একেবারেই উল্টো। গত ম্যাচেই যেমন মেসি গোল না-পাওয়াতে নেইমার-সুয়ারেজ যেন উঠে-পড়ে লাগলেন সতীর্থকে দিয়ে গোল করাতেই হবে। নেইমারের সহায়তায় মেসি শেষ পর্যন্ত দুই মাস পর লিগে গোলও করেছেন।

সেদিন ম্যাচ শেষে লা লিগার এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মেসির সঙ্গে তাঁর সম্পর্কটা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘এটা সত্যি ম্যাচের শেষের দিকে আমি চাইছিলাম লিও যেন গোল পায়। মাঠে বাইরেও ও আমাদের এত সহযোগিতা করে, সুয়ারেজ-মেসি গোল পেলে আমার খুব ভালো লাগে, একইভাবে আমি গোল পেলেও ওরা দুজন খুব খুশি হয়।’
পেরেজের পরিকল্পনা বোধ হয় ভেস্তে যেতে বসেছে!