নেইমারকে রিয়ালে চান কাসেমিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয় বার্সেলোনাতেই থাকবেন, না হয় পিএসজিতে চলে যাবেন—এখন পর্যন্ত যা গুঞ্জন, তাতে নেইমারের দলবদল নাটকের সমাপ্তি হতে পারে এই দুটির মধ্যে কোনো একটি। তবে কাসেমিরো এই নাটকের শেষটা এভাবে হতে দেখতে চান না। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের চোখে বার্সা-পিএসজির বাইরেও তো একটা ঠিকানা হতে পারে নেইমারের। রিয়াল মাদ্রিদ!

ব্রাজিল দলে সতীর্থ হলেও ক্লাব ফুটবলে তিনি নেইমারের চিরপ্রতিদ্বন্দ্বী, খেলেন রিয়াল মাদ্রিদে। তবে নেইমারকে এবার ক্লাবেও সতীর্থ হিসেবেই পাওয়ার শখ জেগেছে তাঁর। বার্সা ছেড়ে নেইমারের রিয়ালে যাওয়া অন্য অনেকের কাছে প্রায় অসম্ভব মনে হতে পারে। তবে কাসেমিরো সেই দলে নন, গত পরশু ব্রাজিলেরই সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তেকে বললেন, ‘ও কেন রিয়াল মাদ্রিদে খেলতে পারবে না? আমরা (রিয়ালে) সবাই ওকে স্বাগতই জানাব।’ তবে যেখানেই যান, নেইমারের প্রতি শুভকামনা তাঁর থাকবে, ‘ও অসাধারণ খেলোয়াড়, আমি ওকে অনেক পছন্দ করি। ওর বাবা ওকে পরামর্শ দিচ্ছে—যিনি অনেক ভালো একজন মানুষ, কী করতে যাচ্ছেন সে সম্পর্কেও ধারণা আছে। সে (নেইমার) বার্সেলোনায় থাকুক বা না থাকুক, ওর প্রতি আমার শুভকামনা থাকবে।’

তা শেষ পর্যন্ত নেইমারের ঠিকানা কী হবে? প্রতিদিনই তো নতুন নতুন অনেক গুঞ্জন আসছে। দুই দিন আগে বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকে টুইটারে নেইমারের সঙ্গে একটা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সে থাকছে!’ এই ছবি ও সঙ্গের ক্যাপশনের কী ব্যাখ্যা, সেটাও পিকে হয়তো জানিয়ে দিয়েছেন এতক্ষণে। বাংলাদেশ সময় আজ ভোরে ওয়াশিংটনে বার্সেলোনার সংবাদ সম্মেলনে আসার কথা ছিল পিকের। কাকতালীয়ভাবে, ঠিক এর আধা ঘণ্টা আগেই মায়ামিতেই পিএসজিরও সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনটা ডাকাও হয়েছে হঠাৎ করে।

তবে পিকের ব্যাখ্যা যা-ই হোক, বার্সার সর্বশেষ নির্বাচনে সভাপতি প্রার্থী অগুস্তি বেনেদিতোর ব্যাখ্যা কিন্তু বার্সার সমর্থকদের শঙ্কা আরও বাড়িয়ে দেবে, ‘আমার মনে হয় ওই ছবিটা নেইমারের চেয়েও বেশি ওর (পিকের) ইচ্ছার প্রকাশ।’ বেনেদিতোর মতে, ‘নেইমার এই মুহূর্তে বার্সেলোনার চেয়েও পিএসজির বেশি কাছাকাছি।’ স্পোর্ত, মার্কা।