নেইমারকে রিয়ালে যেতে দেবে পিএসজিও, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
♦ ১৯৮ মিলিয়ন পাউন্ডে এবারই পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার
♦ ছয় মাস পার হতেই আবার স্পেনে ফিরতে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
♦ ইউরোপের সেরা দলের তকমা পেলেই নেইমারকে ছাড়বে প্যারিসের ক্লাব
পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলেই রিয়ালে যেতে পারবেন নেইমার। ছবি: রয়টার্স
পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলেই রিয়ালে যেতে পারবেন নেইমার। ছবি: রয়টার্স


রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে চায়। নেইমারেরও মন নাকি আর ভালোবাসার নগরীতে টিকছে না! তাঁর সব চিন্তা এখন মাদ্রিদে যাওয়া নিয়ে। দুই পক্ষই যখন এত করে চাচ্ছে, তাতে তো নেইমারের গায়ে রিয়ালের সাদা জার্সিটা ওঠা সময়ের ব্যাপার। অনেকটা ‘মিয়া বিবি রাজি, কেয়া করে গা কাজি?’ অবস্থা। কিন্তু এখানে যে ‘কাজি’র নাম পিএসজি। তাই ‘কাজি’ অনেক কিছুই করতে পারে। নেইমারের জন্য সুখবর, পিএসজিও তাঁকে রিয়ালে যেতে দেবে। ‘ছোট্ট’ একটা শর্ত আছে, আগে চ্যাম্পিয়নস লিগটা একটু জিতিয়ে দিতে হবে।

নেইমার পিএসজিতে এসেছেন কাগজে-কলমে এখনো ছয় মাস হয়নি। এর মধ্যেই নাকি নেইমারের লিগ ওয়ানের ওপর অরুচি ধরে গেছে! কোচের সঙ্গে মনোমালিন্য, কাভানির সঙ্গে পেনাল্টি-নাটক, ৪ গোল করেও দর্শকের দুয়ো শোনা—মোটামুটি বাদ রাখেননি কিছুই। আর লিগ ওয়ানের ক্লাবগুলোর অতি রক্ষণাত্মক খেলা এবং ফুটবলের মানেও নাকি ঠিক মন ভরছে না তাঁর। তাই লা লিগায় ফিরতে চাচ্ছেন। রিয়াল তো বসেই আছে তাঁর জন্য।
কিন্তু একটা ঝামেলা আছে। লিগ ওয়ানে তো রিলিজ ক্লজ নামক কোনো বস্তু নেই। ফলে পিএসজির অমতে চাইলেই তাঁকে রিয়াল নিয়ে যেতে পারবে না। ইউরোপের পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখা পিএসজি কেনই-বা নিজেদের সেরা খেলোয়াড়কে বিক্রি করতে চাইবে এত বড় প্রতিদ্বন্দ্বীর কাছে! বিশেষ করে যে খেলোয়াড় দলে এসে ২৩ ম্যাচেই ২৪ গোল করেছেন। সতীর্থদের ১৬টি গোল করিয়েছেন! তবে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি অতটা ‘নিষ্ঠুর’ হতে চাচ্ছেন না। তিনি নেইমারকে দল পাল্টাতে দেবেন, যদি নেইমার তাঁদের বহু আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগটা এনে দেন।
শোনা যাচ্ছে রিয়ালও এ জন্য একটা বড় চেক আলাদা করে রেখেছে। ১৯৮ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যাওয়া নেইমারকে কিনতে ২১৮ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ‘লস ব্লাঙ্কো’রা। এমনকি খেলাইফির অনেক দিনের পুরোনো ইচ্ছা পূরণ করতে রোনালদোকেও দিয়ে দিতে প্রস্তুত রিয়াল। দুই দলের জন্যই ব্যাপারটা লাভজনক।
সেটা এই মৌসুমেই হয়ে গেলে তো আরও ভালো। তাহলে এ বছরের জুলাইয়ে রিয়ালের জার্সি গায়ে চাপাতে পারবেন নেইমার। কিন্তু তাতে যে নেইমারের ভবিষ্যৎ দলের ক্ষতি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই দেখা হচ্ছে পিএসজি-রিয়াল মাদ্রিদের। পিএসজির লিগ জেতার অন্য মানে যে শেষ ষোলোতেই রোনালদোদের বাদ পড়া।