নেইমারকে সতর্কবাণী জুনিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় অনুশীলনে গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে নেইমারের খুনসুটি l এএফপি
দলীয় অনুশীলনে গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে নেইমারের খুনসুটি l এএফপি

জানেন কি, অলিম্পিক আজই শুরু হয়ে যাচ্ছে?
উদ্বোধনী অনুষ্ঠানের এখনো দুই দিন বাকি। অলিম্পিক মশাল প্রজ্বালন, পতাকা হাতে অ্যাথলেটদের প্যারেডের মধ্য দিয়ে মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠবে রিও অলিম্পিকের। তবে অনানুষ্ঠানিকভাবে হলেও মাঠের খেলা আজই শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় সুইডেন ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের ফুটবল দিয়ে মাঠে গড়াচ্ছে ২০১৬ অলিম্পিক।
২০০০ সিডনি অলিম্পিক থেকেই নিয়মিতভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফুটবল শুরু হয়ে যাওয়ার রেওয়াজ চলছে অলিম্পিকে। ২০০০ সালের আগেও দুয়েকবার এ রকম হয়েছে। এবারও আজ ও কাল, উদ্বোধনের আগে দুটি দিন শুধুই ফুটবলের। মেয়েদের পাশাপাশি কাল মাঠে নামবে অলিম্পিকের ছেলেদের দলগুলোও। দুই দিনে ম্যাচ হবে ১৪টি, তবে চোখ সম্ভবত একটা দলের ম্যাচের ওপরই থাকছে—ব্রাজিলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই অলিম্পিক সোনার মিশন শুরু করছে নেইমারের ব্রাজিল।
বিশ্ব ফুটবলের সব কটি শিরোপা জিতলেও অলিম্পিকের সোনার পদকটা এখনো ব্রাজিলের ফুটবলারদের কাছে একটা স্বপ্নের নাম। ঘরের মাটির অলিম্পিকে এবার স্বপ্নটা পূরণ হবে?
উত্তরটা নির্ভর করছে মূলত একজন খেলোয়াড়ের ওপর—নেইমার। অলিম্পিকে খেলবেন বলে গত জুনের শতবার্ষিকী কোপা আমেরিকায় খেলেননি। বার্সেলোনা ফরোয়ার্ডও নিশ্চয়ই সোনার পদকের জন্য উন্মুখ হয়ে আছেন। তবে পদকটা শেষ পর্যন্ত গলায় ঝোলাতে হলে পায়ের জাদু দেখানোর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে তাঁকে, নিয়ন্ত্রণে রাখতে হবে মেজাজ। সাবেক ব্রাজিল মিডফিল্ডার জুনিনহোর সেটিই মনে হচ্ছে। ১৯৯৬ অলিম্পিকে ব্রাজিলকে ব্রোঞ্জ এনে দেওয়া জুনিনহো তাই বলেছেন, ‘ওকে (নেইমার) আবেগের ওপর একটু বাড়তি নিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ ও জানে, সেলেসাও দলে ওর গুরুত্ব কতটা।’
২০১৫ কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার পাবলো আরমেরোর দিকে বল ছুড়ে মেরেছিলেন নেইমার, পরে ঢুঁস দিয়েছিলেন জেসন মুরিয়োকেও। ফল? চার ম্যাচ নিষেধাজ্ঞা। ব্রাজিলের জার্সিতে সেটিই নেইমারের সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবারও তেমন কিছু হলে শেষ হয়ে যেতে পারে ব্রাজিলের অলিম্পিক-স্বপ্ন। এ জন্যই কি এমন সাবধানবাণী জুনিনহোর?
নেইমারকে ঘিরে প্রত্যাশা কত বেশি, জুনিনহোর মুখেই শুনুন, ‘নেইমার অন্য সবার চেয়ে আলাদা। অনন্য। ওর পায়ে বল গেলেই সবাই গোলের আশায় থাকে। জাতীয় দলে ও-ই পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়।’ কিন্তু সে জন্য নেইমারকে মেজাজ সামলানোর অনুরোধ জুনিনহোর, ‘আবেগকে বাঁধ দিতে হবে ওর। আমার বিশ্বাস, ওর ওপর ভর করে ২০১৬ অলিম্পিক জিততে পারে ব্রাজিল। অসাধারণ সব খেলোয়াড় আছে ব্রাজিল দলে, ওরাই জয়ের স্বপ্নটা পূরণ করতে পারে।’ গোল।