নেইমারকে 'ফিগো' বানাতে চায় রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো-শূন্যতা পূরণের জন্য নেইমারকেই চায় রিয়াল? ফাইল ছবি
রোনালদো-শূন্যতা পূরণের জন্য নেইমারকেই চায় রিয়াল? ফাইল ছবি

টাইম মেশিনে চড়ার সুযোগ পেলে হয়তো ২০১৩ সালের জুনে ফিরে যেতেন ফ্লোরেন্তিনো পেরেজ। প্রায় তিন বছর আগের একটা ভুল শুধরে নিতে পারতেন রিয়াল মাদ্রিদ সভাপতি। সেবার তাঁর নাকের ডগা দিয়ে যে নেইমারকে নিয়ে গিয়েছিল বার্সেলোনা!
তখন পারেননি। টাইম মেশিন নেই। তো কী হয়েছে? একটু ‘জল ঘোলা’ করে হলেও এখন আবার ব্রাজিল ফরোয়ার্ডকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব থেকে ভাগিয়ে আনতে চান পেরেজ। তাঁর সবটুকু চিন্তা আবিষ্ট করে রেখেছে এই একটি নাম—নেইমার। গত কয়েক দিন ধরে এই গুঞ্জন যেন থামতেই চাইছে না। এমনকি নেইমারের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর ‘মহা পরিকল্পনা’ও নাকি করছে রিয়াল! গুঞ্জন থামবে কী করে? নেইমার যে বার্সার সঙ্গে নতুন চুক্তিটা ঝুলিয়ে রেখেছেন অনেক দিন ধরে। এটাই রিয়ালের আশার পালে হাওয়া জোগাচ্ছে!
নেইমারের সঙ্গে বার্সার চুক্তি আছে ২০১৮ পর্যন্ত। তবে এসব গুঞ্জনকে দূরে সরিয়ে রাখতে আর আর নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে গত সেপ্টেম্বরেই নেইমারের সঙ্গে নতুন চুক্তি করার ঘোষণা দিয়েছিল বার্সা। যেটি হলে লিওনেল মেসির পর বিশ্বের দ্বিতীয় সেরা উপার্জনকারী ফুটবলার হতেন ব্রাজিল অধিনায়ক। কিন্তু কিছুটা নিজেদের আর্থিক অসংগতি, আর কিছুটা কর-সংক্রান্ত জটিলতা নিয়ে নেইমারের অনিশ্চয়তা মিলিয়ে চুক্তিটা এখনো হচ্ছে না। আর এই সুযোগে নেইমারকে ‘ফিগো’ বানিয়ে নিতে চাইছে রিয়াল।
নেইমার যদি সত্যিই বার্সা ছেড়ে রিয়ালে যান, সেটি ২০০০ সালে লুইস ফিগোর বহুল আলোচিত দলবদলের মতোই হবে। সাবেক পর্তুগিজ উইঙ্গার তখন ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন। সে সময়ই গ্যালাকটিকো গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় রিয়ালের সভাপতি হয়ে এসেছিলেন পেরেজ। প্রতিশ্রুতি পূরণে চোখ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দিকেই। নিয়ে এলেন ফিগোকে। সেসময়ের ‘বার্সা নম্বর সেভেনে’র আলোচিত দলবদলটি একদমই মেনে নেয়নি বার্সা সমর্থকেরা। ওই বছর ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোতে ফিগোর দিকে গালির পাশাপাশি হাতের কাছে যা পাওয়া গেছে, তাই ছুড়ে মেরেছিল বার্সা সমর্থকেরা। যার মধ্যে ছিল একটি শূকরের মাথাও, স্পেনের রীতিতে বিশ্বাসঘাতক কাউকে অপমান করার চূড়ান্ত উপায়!

২০০০-এ ফিগো যা করেছিলেন, ২০১৬-তে নেইমার কি তা করবেন? পেরেজের চাওয়ার কারণ স্বাভাবিক। রিয়ালের ভবিষ্যতের কথা ভাবতে হচ্ছে। এই মৌসুম শেষে ৩১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করে দিতে পারে রিয়াল। তাঁর মতো একজনের অভাব পূরণে নেইমারের চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে! রোনালদোর শূন্যতা পূরণের জন্য নেইমারই সেরা বিকল্প। মাঠে দুজনের খেলার অবস্থানও এক। আছে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতাও। সবচেয়ে বড় কথা, এখন বড় ক্লাবগুলো নিজেদের দলকে শক্তিশালী করতেই শুধু প্রতিপক্ষ দল থেকে খেলোয়াড় কেনে না। প্রতিপক্ষকে দুর্বলও করে দিতে চায়।
তবে বার্সাই বা ফিগোর সেই ভুলটি আবার করবে কেন? নেইমারকে ঘিরেই যে আগামী দিনের স্বপ্ন বুনছে তাঁরাও। কাল ম্যাচে কাতালান ক্লাবটির সমর্থকেরা সেটি বুঝিয়েও দিলেন। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করার পর সমস্বরে গাইলেন, ‘নেইমার, থাকো!’ একটা বার্তা দিয়ে দিলেন পেরেজকেও। একটা ব্যানার নিয়ে এসেছিলেন তাঁরা, যাতে লেখা ছিল, ‘নেইমার ফিগো নন, পেরেজ!’
বার্সার সহসভাপতি জর্ডি মেস্ত্রেও নেইমারের বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার কোনো কারণ দেখছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘ওকে অনেক খুশি দেখাচ্ছে। এখানে শিরোপা জিতছে ও, কদিন আগে ব্যালন ডি'অরেও মনোনীত হয়েছে। ওর চলে যাওয়ার কোনো কারণ দেখছি না আমি।’
তবে সমর্থকেরা হয়তো পুরোপুরি নিশ্চিত হবেন নেইমার চুক্তিতে সই করার পরই।