নেইমারদের নতুন কোচকে পরিচয় করিয়ে দিল পিএসজি

পচেত্তিনোই নেইমারদের নতুন কোচ।ছবি: পিএসজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের ছুটি কাটানো শেষ, বর্ষপূর্তির উদযাপনও থেমেছে অবশেষে। ছুটি শেষ হতেই কাজে নেমে পড়েছে পিএসজি। মরিসিও পচেত্তিনোর মনে হয়েছে আর রাখঢাক করে লাভ নেই। তখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারিস সেন্ট জার্মেই। তবে টমাস টুখেলকে ছাঁটাই করার পর নতুন কোচ হিসেবে যে পচেত্তিনোকেই নেওয়া হচ্ছে, সেটা বড়দিনের আগেই ফাঁস হয়ে গিয়েছিল। তবু যাদের এ নিয়ে সন্দেহ ছিল, সেটাও দূর হয়েছে।

আজ পিএসজির অনুশীলন দেখতে গিয়েছেন পচেত্তিনো। পিএসজির অনুশীলন মাঠের সামনে পচেত্তিনোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেইমার ও কিলিয়ান এমবাপ্পেদের নতুন কোচ হিসেবে এই আর্জেন্টাইনকেই দেখা যাবে। আজ বাংলাদেশ সময় রাত নয়টার পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পিএসজিও। সাবেক খেলোয়াড় এবার কোচরূপে ফিরছেন প্যারিসে।

টুখেলের বিদায় নিশ্চিত হওয়ার আগেই পচেত্তিনোর চাকরি পাওয়ার খবর জানিয়েছিলেন ফাব্রিজিও রোমানো। গতকাল এই ইতালিয়ান সাংবাদিক টুইটে জানিয়েছেন, ‘চুক্তি স্বাক্ষর শেষ। সব আনুষ্ঠানিকতাও শেষ। এবার দায়িত্ব বুঝে নিতে প্যারিসে পা রাখছেন পচেত্তিনো, লন্ডনে বড়দিনের ছুটি কাটানোর পর মরিসিও পচেত্তিনোর চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার সময় এসেছে। বেশ কয়েক দিন আগেই চুক্তি স্বাক্ষর করেছেন এবং লিওনার্দোর (ক্রীড়া পরিচালক) সঙ্গে দলবদল নিয়ে আলোচনায় বসতে চাইছেন। ২০২১ সালের মূল লক্ষ্য, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে নতুন চুক্তিতে রাজি করা।’

আজ আরএমসি স্পোর্টসের সাংবাদিক লইক তাঞ্জি পিএসজির অনুশীলন মাঠ ক্যাম্প দে লোগেসের সামনে পচেত্তিনোকে দেখেই আর দেরি করেননি। ছবি তুলে জানিয়ে দিয়েছেন, পিএসজিতে পচেত্তিনো যুগ শুরু হচ্ছে আজই। রোমানোও টুইট করে জানিয়ে দিয়েছেন খবরটি, ‘মরিসিও পচেত্তিনো মাত্রই শুরু করলেন (পিএসজির কোচ হিসেবে)। পিএসজির প্রধান কার্যালয়ে এসেছেন। আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’
রোমানোর এ টুইটের এক ঘণ্টা পরই এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত পচেত্তিনোর সঙ্গে চুক্তি করেছে ক্লাব। চাইলে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আগামীকাল এমবাপ্পেদের অনুশীলনের দায়িত্ব বুঝে নেবেন এই কোচ।

পচেত্তিনোর (ডান থেকে দ্বিতীয়) এ ছবিটাই ছড়িয়ে পড়েছিল।
ছবি: টুইটার

২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজিতে খেলা পচেত্তিনো আবার প্যারিসে ফিরতে পেরে আনন্দিত, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ের নতুন কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমার ওপর আস্থা রাখায় ক্লাবকে ধন্যবাদ দিতে চাই। আমার হৃদয়ে এ ক্লাবের জন্য বরাবরই বিশেষ জায়গা বরাদ্দ ছিল। দারুণ কিছু স্মৃতি আছে এ ক্লাবকে ঘিরে, বিশেষ করে পার্ক দে প্রিন্সেসের আবহ নিয়ে। অনেক প্রত্যাশা ও বিনয় নিয়ে ফিরছি আমি। বিশ্বের সেরা কিছু প্রতিভাবান ফুটবলারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’