নেইমারদের হন্ডুরাস-হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে একটা ছবি ‘ভাইরাল’ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্রাজিলের জার্সি গায়ে এক কিশোরের ছবি, সেখানে নেইমার নামটা কেটে নিচে লেখা মার্তা। রিও অলিম্পিকে প্রথম দুই ম্যাচ ড্র করে কোণঠাসা ছিল ব্রাজিল, নেইমারও নিজেকে হারিয়ে খুঁজছিলেন—সবকিছুই যেন বলে দিচ্ছিল ওই ছবিটা।
নেইমার ওই ছবিটা দেখেছেন কি না, কে জানে। কিন্তু এরপরই তাঁর ঘুম ভেঙেছে। ডেনমার্ক ও কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল উঠে গেছে সেমিফাইনালে। নেইমারও ফিরে পেয়েছেন নিজেকে। আর দুটি ম্যাচ জিতলেই অলিম্পিকে সোনার আক্ষেপ ঘুচবে। সেই মিশনে আজই সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস, অন্য সেমিফাইনালে জার্মানির পরীক্ষা নেবে নাইজেরিয়া।
কাগজে-কলমে হন্ডুরাস সহজ প্রতিপক্ষ মনে হতেই পারে ব্রাজিলের সামনে। কিন্তু মাঠের বাইরের আরেকটা ব্যাপার নিয়ে এই মুহূর্তে নেইমাররা একটু বিব্রত। সোনা এনে দিলে কত বোনাস দেওয়া হবে, সেটা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশনের নাকি দর-কষাকষি চলছে।
পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনহোস অবশ্য ব্যাপারটা মানতে চাইলেন না। অলিম্পিক আর দশটা প্রতিযোগিতার মতো নয়, এখানে গেমস আয়োজকদের পক্ষ থেকে কোনো অর্থ পুরস্কারও নেই। তাই বোনাস নিয়ে আলোচনার ব্যাপারটাই বিব্রতকর লাগছে মারকিনহোসের কাছে, ‘আমরা বোনাস নিয়ে কথা বলছি না, ফেডারেশনের সঙ্গে আমাদের কোনো আলোচনাও হয়নি। আমাদের স্বপ্ন এখন চ্যাম্পিয়ন হওয়া।’
তবে হন্ডুরাসের কোচ হোসে লুইস পিন্টো বলছেন, ব্রাজিলের জন্য কাজটা সহজ হবে না। সেমিফাইনালে ওঠার পথে মধ্য আমেরিকার দেশটি আর্জেন্টিনাকে হারিয়েছে। দুই বছর আগে এই ব্রাজিলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল কোস্টারিকা। ওই দলের কোচ ছিলেন পিন্টো। এবারও সে রকম কিছু করতে চান, ‘আমরা জানি, ব্রাজিলিয়ানরা নিজেদের দলকে সমর্থন দেবে, তবে আমরা মানসিকভাবে তৈরি।’ একটু যেন খোঁচাও দিলেন নেইমারদের, ‘ব্রাজিলের ফুটবলকে আমি শ্রদ্ধা করি, তবে বিনয়ের সঙ্গে বলতে চাই, শুধু জার্সির রং আর সমর্থক দিয়ে মাঠে জেতা যায় না।’
অন্য সেমিফাইনালও রোমাঞ্চই ছড়ানোর কথা। অলিম্পিকে নাইজেরিয়া বরাবরই সমীহ-জাগানো শক্তি, ১৯৯৬ অলিম্পিকে সোনাও জিতেছিল। আর অখণ্ড জার্মানির কাছেও অলিম্পিকের সোনা এখনো অধরা। নাইজেরিয়ানরাও মাঠের বাইরের সমস্যা নিয়ে জর্জরিত, বেতন-ভাতা নিয়ে ফেডারেশনের সঙ্গে মতবিরোধে এমনকি টুর্নামেন্ট বর্জনের হুমকিও দিয়ে রেখেছে! তবে শেষ পর্যন্ত নাইজেরিয়ান ফুটবলারদের ওই পথে যাওয়ার সম্ভাবনা কমই। এএফপি।
সেমিফাইনাল সূচি
ব্রাজিল-হন্ডুরাস
রাত ১০টা
জার্মানি-নাইজেরিয়া
রাত ১টা