নেইমারহীন নিষ্প্রভ ব্রাজিল

সান্তিয়াগোর ন্যাসিওনাল স্টেডিয়ামে কাল ভোরের ম্যাচটা দুটি সত্যকে আবারও সামনে নিয়ে এল। এর একটি অবশ্য বেশ কিছুদিন ধরেই খুব আলোচিত। এই ব্রাজিল নেইমার-নির্ভর। তাঁকে ছাড়া এখন ম্যাচ জিততে পারে না কার্লোস দুঙ্গার দল। সত্যিই তো! বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই চিলির কাছে ২-০ গোলে হেরে সেটিরই কি প্রমাণ দিল না নেইমারহীন ব্রাজিল?
অন্য সত্যটি নিখাদ পরিসংখ্যান। ব্রাজিলের বিপক্ষে রেকর্ড যেমনই হোক, সম্প্রতি ফর্মের তুঙ্গে থাকা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা এই ম্যাচের আগে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিও হারেনি। চারটি জিতেছে সরাসরি, একটি টাইব্রেকারে। গতকালের পর টানা জয় ছয়টি। বুঝতেই পারছেন কী দুর্দান্ত ফর্মে আছে হোর্হে সামপাওলির দল।
নেইমারকে ছাড়া এই দুর্দান্ত চিলির বিপক্ষে যে জেতা সহজ হবে না সেটা কিছুটা অনুমিতই ছিল। অভিষেকের পর থেকে কোপা আমেরিকায় নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত ব্রাজিলের হয়ে মাত্র চারটি প্রতিযোগিতামূলক খেলতে পারেননি ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই চার ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল। একটা গত বিশ্বকাপের সেই সেমিফাইনাল, পরেরটাও বিশ্বকাপেই হল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। অন্যটি সর্বশেষ কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, যেটিতে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ব্রাজিল। নেইমারের অভিষেকের পর তাঁকে ছাড়া একটা প্রতিযোগিতামূলক ম্যাচই জিতেছে ব্রাজিল, এ বছর কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে, ২-১ গোলে। গতকাল অবশ্য ৭১ মিনিট পর্যন্ত চিলিকে রুখে দিয়েছিল দুঙ্গার দল। কিন্তু ৭২ মিনিটে এদুয়ার্দো ভার্গাস ও ৮৮ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোল দুটি পাল্টে দেয় পরিস্থিতি।
বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে এটা চিলির দ্বিতীয় জয়, প্রায় ১৫ বছর আগে ২০০০ সালে প্রথম জিতেছিল তারা ৩-০ গোলে। দুটি জয়ের মাঝে ১৪ বারের সাক্ষাতে ১২ বারই জিতেছে ব্রাজিল, বাকি দুটি ড্র। রেকর্ডটা এমন একতরফা ছিল বলেই কালকের জয়ের মাহাত্ম্য চিলির কোচ হোর্হে সামপাওলির কাছে অন্য রকম, ‘আমি দারুণ আনন্দিত, কারণ এর আগে আমার অধীনে কখনো চিলি ব্রাজিলকে হারাতে পারেনি। গত কয়েক বছরে এই দলটা আমাদের অনেক সমস্যায় ফেলেছে। ওদের হারানোর আনন্দ তাই অন্য রকম।’
সর্বশেষ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে ব্রাজিলের কাছে হারের যন্ত্রণাটা কি ভুলতে পারেন চিলির কোচ! রয়টার্স।
ব্রাজিল ০: ২ চিলি