নেইমারহীন ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

ব্রাজিলের বিপক্ষে পুরো ম্যাচ খেলবেন মেসিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার মূল একাদশের হয়ে লিওনেল মেসির খেলা না খেলা নিয়ে কয়েক দিন ধরেই বেশ জল্পনাকল্পনা চলছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে মাংসপেশির চোটে আক্রান্ত মেসি। যে কারণে পিএসজির হয়ে কয়েক ম্যাচে মাঠে নামতে পারেননি। এ অবস্থাতেই জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য আর্জেন্টিনায় গেছেন দলটির অধিনায়ক।


পিএসজি সেটা মেনে নেবে কেন? আর্জেন্টিনার হয়ে মেসিকে যেন খুব বেশি না খেলতে হয়, এ জন্য পিএসজি অবস্থা পর্যবেক্ষণ করছে শ্যেনদৃষ্টিতে। এমন কথাও শোনা গিয়েছিল, দলে রাখা হলেও মেসিকে কোনো ম্যাচেই ২০ মিনিটের বেশি খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি। যে কথার প্রতিফলন দেখা গিয়েছিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচে।

সেদিন শেষের কিছু সময় খেলেছেন মেসি
ছবি: রয়টার্স

মূল একাদশে ছিলেন না, কিন্তু পরে ২০ মিনিটের মতো খেলেছিলেন। সে ম্যাচে মেসির খেলা দেখেই হয়তো স্কালোনির মনে হয়েছে, পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত মেসি। যে কারণে ব্রাজিলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে শুরু থেকেই দেখা যাবে, এমন ঘোষণা দিয়েছেন স্কালোনি।


আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় সুপার ক্লাসিকোতে লড়বে এই দুই দল। খেলা হবে আর্জেন্টিনার মাঠ এস্তাদিও সান হুয়ানে। নিজের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মেসিকে মাঠে প্রথম থেকেই নামাবেন বলে ঘোষণা দিয়েছেন স্কালোনি, ‘আগের দিন ওর অবস্থা বেশ ভালো ছিল। কিন্তু তা–ও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে পুরো ম্যাচ না খেলিয়ে শেষের কিছুক্ষণ খেলানোর। কিন্তু আগামী ম্যাচে ব্যাপারটা তেমন নয়। সে ব্রাজিলের বিপক্ষে খেলবে। আশা করব, ও যেন ভালো অনুভব করে।’

ব্রাজিলের জার্সিতে বরাবরই উজ্জ্বল নেইমার, কিন্তু খেলছেন না আর্জেন্টিনার বিপক্ষে
ছবি: রয়টার্স

মেসি খেলবেন, ব্যাপারটা নিশ্চিত হলেও তাঁর পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস খেলবেন কি না, এখনো তা নিশ্চিত নয়। গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে আছেন পারেদেস। তবে মেসিকে নিয়ে স্কালোনি যেমন নির্ভার, পারেদেসের ক্ষেত্রে তেমনটা বলা যাচ্ছে না, ‘লিয়ান্দ্রো তিন দিন ধরে স্বাভাবিক অনুশীলন করছে। আপাতত ওকে ভালোই মনে হচ্ছে। কিন্তু চূড়ান্ত স্কোয়াডে ওকে অন্তর্ভুক্ত করার আগে আমাদের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আমাদের আরও একটা অনুশীলন সেশন আছে। দেখা যাক।’

ওদিকে নিশ্চিত হওয়া গেছে, নেইমার এ ম্যাচে খেলছেন না বাঁ ঊরুর চোটের কারণে। নেইমারহীন ব্রাজিলের বিপক্ষে মেসি খেলছেন, আর্জেন্টিনার সমর্থকদের জন্য আপাতত সবচেয়ে বড় খুশির সংবাদ এটিই।