নেইমারে ব্যালন ডি'অর দেখছেন রোনালদো-জাভি

>
- ১০ বছর ধরে ব্যালন ডি’অর জিতছেন মেসি অথবা রোনালদো
- এই দুজনের আগে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন ব্রাজিলের কাকা
- আবারও ব্যালন ডি’অরে ফিরতে পারে ব্রাজিলের রাজত্ব
একসময় ইউরোপের বাইরের ফুটবলাররা জিততে পারতেন না এই ট্রফি। ১৯৯৫ সালে জর্জ উইয়্যাহ প্রথম অ-ইউরোপীয় খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জেতেন। ফ্রেঞ্চ ফুটবলই স্বীকৃতি দিয়েছে, ১৯৫৮-র শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ধরলে ব্রাজিলের খেলোয়াড়েরা এই ট্রফি জিততেন ৯ বার। নিয়ম বদলের পর ১৯৯৫ সাল থেকেও এই পুরস্কারে দাপট ছিল ব্রাজিলের। রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাকারা মিলে এই পুরস্কার জিতেছেন পাঁচবার। কাকাই সর্বশেষ। এরপর থেকে গত ১০ বছরে সমান ভাগে ভাগাভাগি করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নয়তো মেসি।
এবারই কি এই ধারা ভাঙতে চলেছে? দুবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো মনে করেন, খুবই সম্ভব! এ বছর নেইমার আছেন দুর্দান্ত ফর্মে। আবার এ বছর বিশ্বকাপের আসর। ব্রাজিল কিংবদন্তির ধারণা, নেইমার খুব দূরে নেই ব্যক্তিগত এই অর্জন থেকে, ‘প্রতিবছর ও এই পুরস্কারের আরও কাছাকাছি চলে আসছে। যদিও এই পুরস্কার জেতা অনেক কিছুর ওপর নির্ভর করে, দলীয় পারফরম্যান্সও প্রভাব রাখে। তারপরও আমি নিশ্চিত, ও এই পুরস্কারের অনেক কাছে আছে। ২০১৮ অনেক গুরুত্বপূর্ণ বছর। রাশিয়া বিশ্বকাপ অনেক কিছু ঠিক করে দেবে। ফাইনালে যদি আপনি একটি গোলও করতে পারেন, সেরা খেলোয়াড়ের ট্রফি জেতার অনেক সুযোগ তৈরি হয়। তাই আমি ওকে সমর্থন দিচ্ছি। আজ হোক কাল হোক সে এটা জিতবেই।’
সেটা যদি এ বছরে নাও হয়, তাতেও ক্ষতি নেই বলে মনে করেন রোনালদো, ‘এ বছর যদি নাও হয়, পরের বছর হবে। কারণ, ও অমিত প্রতিভাধর একটা খেলোয়াড়। তা ছাড়া ব্রাজিলিয়ানদের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার অতীত স্মৃতির আবেগও আছে। তারা নিজেদের মধ্যে বিশ্বসেরাদের একজনকে পেতে ভালোবাসে।’
এ বছর না হলেও নেইমারের হাতে যে এই ট্রফিটা উঠবে, সেটা জাভিও মনে করেন। ভিন্ন আরেকটি সাক্ষাৎকারে গতকাল জাভি বলেছেন, ‘নেইমারের প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। ও অবিশ্বাস্য ফুটবলার। মেসি আর রোনালদোর রাজত্ব যখন শেষ হবে, যদিও এই বয়সেও (৩৩) রোনালদোরই এখনো অনেক কিছু দেওয়ার বাকি; এরপর নেইমারই হবে পরবর্তী ব্যালন ডি’অর বিজয়ী। আমি এতে নিশ্চিত। শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ নেইমারের প্রতিও আমার অনেক শ্রদ্ধা। ও সহজাত এক নেতা। মাঠে, ড্রেসিংরুমেও। ও এমন এক খেলোয়াড়, যে সব সময় বল চায়, সব সময় কিছু করে দেখাতে চায়।’