নেইমারে রোমারিওকে দেখেন দুঙ্গা
২০ বছর আগের সেই দিনগুলো এখনো অমলিন হয়ে থাকার কথা দুঙ্গার স্মৃতিতে। অধিনায়ক হিসেবে সেবার বিশ্বকাপ জিতেছিলেন বার্সেলোনার কোচ। সে জন্য সবচেয়ে বড় ধন্যবাদ দুঙ্গা রোমারিওকেই দেবেন। ব্রাজিল কিংবদন্তি সেবার গোল্ডেন বল জিতে নিজের করে নিয়েছিলেন টুর্নামেন্টটি।
এরপর দুঙ্গা কোচ হিসেবেও ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে গেছেন। ২০১০ সালের সেই স্মৃতিটা অবশ্য সুখের হয়নি, ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। আবারও দায়িত্ব নিয়ে সেই স্বপ্নটা নিশ্চয়ই মনে আঁকছেন দুঙ্গা? সেই স্বপ্নের পালে হাওয়া দিচ্ছেন নেইমার। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যে তাঁকে রোমারিওর কথা মনে করিয়ে দিচ্ছেন!
রোমারিওর পর্যায়ে যেতে অনেক দেরি নেইমারের। তবে ২২ বছরেই ৩৬ গোল করে নেইমার আভাস দিয়েছেন রোমারিওর ৫৫ গোল তিনি টপকে যেতেই পারেন। দুজনের মানসিকতায় অনেক মিল খুঁজে পাচ্ছেন দুঙ্গা, ‘নেইমার একজন নেতা। ব্রাজিলিয়ান ও বিশ্ব ফুটবলে সে একটা মানদণ্ড। এটাই স্বাভাবিক, সে জিততে চায় ও গোল করতে চায়। সব সময় তাই ওকে আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যেতে হবে। সে এটাই পছন্দ করে। এদিক দিয়ে সে রোমারিওর মতো।’ গোলডটকম।