নেইমারেই বিশ্ব সেরা দেখছেন ইতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতোর মতে একদিন নেইমারই হবেন বিশ্ব সেরা। ছবি: রয়টার্স
ইতোর মতে একদিন নেইমারই হবেন বিশ্ব সেরা। ছবি: রয়টার্স

শেষ এমন ঘটেছিল পাঁচ বছর আগে। সেবারই কেবল বছরে সেরা ফুটবলার কে হতে যাচ্ছেন- এমন প্রশ্নের উত্তরটা রোনালদো কিংবা মেসিতে আটকে ছিল না। ২০১০ সালের ব্যালন ডি’ অরের শীর্ষ তিনে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে পুরস্কারটি লিওনেল মেসিই জিতছেন সেটি বোঝা গিয়েছিল আগেভাগেই। এবারের ঘটনা অবশ্য একটু উল্টো, এবারের মেসি-রোনালদোর সঙ্গে শীর্ষ তিনে নাম লিখিয়েছেন নেইমার। শেষ পর্যন্ত যদি নেইমার জয়ী নাও হতে পারেন তাতে ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ, স্যামুয়েল ইতোর মতে একদিন না একদিন বিশ্ব সেরার আসনে বসবেন নেইমারই।
বার্সেলোনার জার্সিতে সোনালি এক সময় পার করেছেন ইতো। পাঁচ মৌসুমে তিনবার লা লিগা জিতেছেন, দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। রোনালদিনহোকে আক্রমণের সঙ্গী হিসেবে পেয়েছিলেন। মেসির উত্থানও দেখে গিয়েছেন এখানে। বিশ্বসেরাদের সম্পর্কে ভালো ধারণাই আছে তার। সেজন্যই এই ক্যামেরুনের স্ট্রাইকারের ধারণা মেসি-রোনালদোর পর বিশ্ব মাতাতে যাচ্ছেন নেইমারই। এ প্রসঙ্গে জানালেন,‘নেইমারের দারুণ সম্ভাবনা আছে। মেসি-রোনালদো যুগ শেষ হলে সেই বিশ্বসেরা হবে। কিন্তু তাকে মাথায় রাখতে হবে এটা তার ওপরেই নির্ভর করবে। তার প্রতিভা আছে। অন্যদের এই প্রতিভা নেই। কিন্তু তাকে তার এই প্রতিভা কাজে লাগাতে হবে, নিয়মিত প্রশিক্ষণ করতে হবে।’

এই মৌসুমে টানা দুই মাস মেসির অনুপস্থিতিতে দারুণ খেলেছেন নেইমার। কখনো বোঝাই যায়নি দলে মেসি নেই। ‘এল ক্লাসিকো’তেও মেসি মাঠে নামার আগেই খেলা শেষ করে দিয়েছেন নেইমার-সুয়ারেজরা। এর আগে গত মৌসুমের ট্রেবল জয়েও নেইমারের ছিল প্রত্যক্ষ অবদান। সে জন্য এবারের ব্যালন ডি’ অরে নেইমারের পক্ষে ভোট দেওয়ার লোকের অভাব নেই। ফলে অনেক দিন পর ব্যালন ডি’ অর শুধু দু ঘোড়ার রেসে আটকে নেই। এবার যদি নাও জিততে পারেন নেইমার তবে ভবিষ্যৎ তো আছেই। ভবিষ্যতের সম্ভাব্য বিশ্বসেরা তো তিনিই।
কাজটি নেইমারের পক্ষেই সম্ভব এ নিয়ে ইতোর কোনো সন্দেহ নেই। কারণ ইতিমধ্যে ব্রাজিলের অধিনায়কত্বের ভার নেওয়াও হয়ে গেছে নেইমারের, ‘নেইমারের বয়স মাত্র ২৪। আমি ওর চেয়ে ১০ বছরের বড়। কিন্তু সে কিন্তু ব্রাজিলের অধিনায়ক। তার যে অভিজ্ঞতা, তাকে যে পরিমাণ চাপের মধ্য দিয়ে যেতে হয় সে আমাকেও পরামর্শ দিতে পারবে।’