নেইমারের অভাব বুঝতেই দিলেন না কাভানি

দলের ‘প্রাণভোমরা’ এক ম্যাচ নিষিদ্ধ। প্রতিপক্ষ গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানে তৃতীয় হওয়া নিস। প্রতিপক্ষ দলে আছেন বহুদিন পর ফর্ম ফিরে পাওয়া মারিও ‘দ্য ব্যাড বয়’ বালোতেল্লি। তাঁর ঠিক পেছনেই অ্যাটাকিং মিডে ওয়েসলি স্নাইডার। দুশ্চিন্তায় পড়ার মতো যথেষ্ট কারণ ছিল কোচ উনাই এমেরির। কিন্তু পিএসজি কি আর একজনের দল? নেইমারের অনুপস্থিতিতে ডি মারিয়া-কাভানির নৈপুণ্যে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাবটি।
ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে নেইমারের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। তাঁর বানিয়ে দেওয়া বল থেকেই জোড়া গোল করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানি। অন্য গোলটি আত্মঘাতী। এই জয়ে ৭ পয়েন্টের ব্যবধানে লিগ ওয়ান টেবিলের শীর্ষে পিএসজি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৯, এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট মোনাকোর।
ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ডি মারিয়ার ফ্রি কিক থেকে ডাইভিং হেডে গোল করেছেন কাভানি। ৩১ মিনিটে আবারও এই জুটি। এবারে ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল থেকে গোলরক্ষককে ফাঁকি দিয়েছেন ‘এল ম্যাটাডোর’। আর পরের হাফে দান্তের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। কিছু সময় পরই একক নৈপুণ্যে নিসের রক্ষণ ছিঁড়ে ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচ শেষে কাভানি বলেছেন, ‘প্রতিটি ম্যাচই আলাদা। মার্শেইয়ের বিপক্ষে আমরা খেলাটাকে জটিল করে ফেলেছিলাম। আজ আমরা যত তাড়াতাড়ি সম্ভব গোল করার চেষ্টা করেছি। শুরুতেই গোল পাওয়ায় ম্যাচটা সহজ হয়ে পড়ে।’
মুগ্ধ হওয়ার মতোই খেলেছেন কাভানি। লুকাস মৌরাকে জায়গা ছেড়ে দিয়ে যখন মাঠ ছাড়ছেন তিনি, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্ভাষণ জানিয়েছে। ভিআইপি বক্সে নেইমারও তালি দিয়ে অভিবাদন জানিয়েছেন!