নেইমারের আসল ক্ষোভ
কেন বার্সেলোনা ছেড়েছেন নেইমার? এত দিন শোনা যাচ্ছিল, লিওনেল মেসির ছায়া থেকে নিজেকে সরিয়ে নিতেই। এটা একটা কারণ হয়তো। কিন্তু এটাই যে একমাত্র কারণ নয়, তা বোঝা গেল পরশু তুলুজের বিপক্ষে ম্যাচের পর নেইমারের কথায়। বার্সেলোনা বোর্ডের ওপর অনেক ক্ষোভ জমা ছিল তাঁর। নইলে কি আর ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘তাঁদের (বোর্ড পরিচালকদের) বার্সার দায়িত্বে থাকা উচিত নয়।’
বার্সার বোর্ড নিয়ে নেইমারই প্রথম কথা বললেন এমন নয়। এর আগে দুই ব্রাজিলিয়ান রোনালদো ও দানি আলভেজ ক্লাবের কর্তাদের কাঠগড়ায় তুলেছেন। এবার আরেক ব্রাজিলিয়ান নেইমার রীতিমতো ধুয়ে দিলেন বার্সার কর্তাব্যক্তিদের। ‘বার্সেলোনা বোর্ড নিয়ে আমার কিছু বলার নেই’—এভাবে শুরু করলেও কিছু না বলে থাকতে পারেননি নেইমার, ‘আমি...ঠিক আছে আমার কিছু বলার আছে। আমি ওদের আচরণে হতাশ ছিলাম।’
সমস্যাটা যে শুধু বোর্ডের সঙ্গেই ছিল, সতীর্থদের সঙ্গে নয়, তা-ও স্পষ্ট করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা, ‘আমি সেখানে চার বছর ছিলাম। সুখেই ছিলাম। কিন্তু সেটা তাঁদের (বোর্ড পরিচালকদের) নিয়ে নয়। তাঁদের বার্সার দায়িত্বেই থাকা উচিত নয়। বার্সা আরও ভালো বোর্ড দাবি করে।’
নেইমারের দাবি, বার্সার বোর্ড নিয়ে তাঁর মতো আরও অনেকেই অসন্তুষ্ট, ‘আমার সাবেক সতীর্থদের অসুখী দেখেও আমার খারাপ লাগে। কারণ ওখানে আমার অনেক বন্ধু। আশা করছি, এ অবস্থার উন্নতি হবে।’ ইএসপিএন।