নেইমারের এমন উদযাপনের মানে কী?

তাঁর মুগ্ধতা জাগানিয়া গোলে নেচে ওঠে পুরো গ্যালারি। জাদুকরি গোলের তালে কেবল নাচাতে নয়, নাচতেও ভালোবাসেন নেইমার! গত বেশ কিছু দিন ধরে নেইমারের গোল উদযাপনে নাচের ভঙ্গিটা চোখে পড়ছে সবার। অনেকেরই প্রশ্ন এমন উদযাপন, এমন নাচের ভঙ্গিটার মানে কী?
শনিবার রাতেও আরও একবার নেইমারের উদযাপন চোখে পড়ল। রায়ো ভায়োকানোর বিপক্ষে হ্যাটট্রিকের পর হাতে আর শরীরে যেন ঢেউ তুললেন। এমন উদযাপনে বরাবরই তাঁর সঙ্গী হন দানি আলভেস। এদিনও হলেন। তবে নাচে নয়, অদৃশ্য রুমাল দিয়ে মুছে দিলেন নেইমারের বুট।
নেইমারের এই উদযাপনটা যদি অনুসরণ করতে চান, তবে শেখার জন্য মার্কিন র্যাপার সাইলেন্টকেই ‘গুরু’ মানতে পারেন। কারণ সাইলেন্টই এই নাচের ভঙ্গিটাকে জনপ্রিয় করেছেন তাঁর ‘ওয়াচ মি, হুইপ নায়ে নায়ে’ গানে। সাইলেন্টের এই নাচের ভঙ্গিটা এতই জনপ্রিয়, এর তালে গত মাসে নেচেছেন হিলারি ক্লিনটনের মতো ঝানু রাজনীতিকও।
‘ওয়াচ মি, হুইপ নায়ে নায়ে’ গানটি মুক্তি পেয়েছিল এ বছর ৭ মে। তবে চারদিকে হইচই ফেলে মূলত ২৬ জুন ইউটিউবে আসার পর। তা-ই নয়, দ্রুতই বিলবোর্ডে তিনে জায়গা করে নেয় র্যাপ গানটি। এবার নেইমারের সৌজন্যে আরও ছড়িয়ে পড়ল।
দেখুন নেইমারের নাচ :