নেইমারের কাছে চার প্রস্তাব!

বার্সেলোনা চায় নেইমার নতুন চুক্তিতে সই করুন। নেইমার নিজেও বার্সেলোনায় থাকতে চান। গল্পটা তো তাহলে এমন হওয়ার কথা ছিল—‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে ফুটবল খেলিতে লাগিল...।’ কিন্তু গল্পটাকে ষড়ভুজ প্রেমের কাহিনি বানিয়ে দিয়ে নেইমারের কাছে প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আরও চারটি ক্লাব!
কোন চারটি ক্লাব প্রস্তাব দিয়েছে সেটি খুব সহজেই অনুমান করে নিতে পারেন। নেইমারের ১৯০ মিলিয়ন ইউরো ‘রিলিজ ক্লজ’ দেওয়ার সামর্থ্য বর্তমান সময়ে কটি ক্লাবেরই বা আছে?
ফুটবল বাজারে গুঞ্জন, নেইমারকে পেতে সবচেয়ে বেশি উন্মুখ ক্লাবটি বার্সেলোনার সবচেয়ে বড় ‘শত্রু’—রিয়াল মাদ্রিদ। বার্সা ফরোয়ার্ডের জন্য তাই ৪০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে রিয়াল, যার ফলে প্রতি মৌসুমে নেইমারের আয় হবে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো। আর দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই নেইমারের বাবার হাতে ‘সাইনিং বোনাস’ উঠে যাবে ৩০ মিলিয়ন।
রিয়ালের পরের নামটি ম্যানচেস্টার সিটি। আগামী মৌসুমে পেপ গার্দিওলাকে কোচ হিসেবে পাচ্ছে সিটি। আর সাবেক বার্সেলোনা ও বর্তমান বায়ার্ন মিউনিখ কোচের প্রথম পছন্দই নাকি নেইমার। টাকার হিসাবে অবশ্য সিটির প্রস্তাবটাই বেশি লোভনীয়। ইংলিশ ক্লাবটি প্রতি মৌসুমে নেইমারকে ৬০ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি! শুধু সিটিই নয়, আসলে বলা উচিত পুরো ম্যানচেস্টার শহরই নেইমারকে চাইছে। বার্সা ফরোয়ার্ডকে সিটির সমান মৌসুমপ্রতি ৬০ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি ইউনাইটেডও। চারটি প্রস্তাবের মধ্যে বাকিটি প্যারিস সেন্ট-জার্মেইয়ের, প্রতি মৌসুমে নেইমারকে ৪০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়ে ভাগিয়ে নিতে চাইছে তারাও।
অবশ্য স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, সুয়ারেজ-মেসির সঙ্গে বন্ধুত্ব, আর আরও অনেক শিরোপা জয়ের সম্ভাবনা বিবেচনায় বার্সাতেই থাকতে চাইছেন ব্রাজিল ফরোয়ার্ড। কিন্তু তাঁর মন যে বদলাবে না এই নিশ্চয়তা কে দিতে পারে? স্পোর্ত।