নেইমারের কোপা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার।
নেইমার।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খুব একটা ভব্যতার পরিচয় দিতে পারেননি ব্রাজিলীয় তারকা নেইমার। ম্যাচের শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে অহেতুক বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন তিনি। দুই হলুদ কার্ডের খড়্গ মাথার ওপর ছিলই। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়াতে এমনিতেই নিষিদ্ধ হতেন গ্রুপের শেষ ম্যাচে। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে খেলা শেষের লালকার্ড তাঁর হাতে ধরিয়ে দিয়েছে আরও বড় শাস্তি। চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন হালের এই সেনসেশন। এই শাস্তির পাশাপাশি নেইমারকে আর্থিক জরিমানাও করা হয়েছে। জরিমানার পরিমাণ ১০ হাজার মার্কিন ডলার।
বৃহস্পতিবার প্রথমে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় নেইমারকে। দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ, আর লাল কার্ড দেখার কারণে বাড়তি একটি ম্যাচে। তবে জানিয়ে দেওয়া হয়েছিল লাতিন ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার আরও একটি বৈঠকে বসে ব্যাপারটি চূড়ান্ত করবে। শুক্রবারের বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হল শাস্তি বাড়ানোর। নেইমারের চার ম্যাচের শাস্তিতে কলম্বিয়া ম্যাচের রেফারি এনরিক ওসেসের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর রিপোর্টে নাকি ওসেস নেইমারের বিরুদ্ধে তাঁকে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ আনেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন অবশ্য ডিসিপ্লিনারি কমিটির সভায় নেইমারের পক্ষেই দাঁড়িয়েছিল। কনফেডারেশনের অভিযোগ ছিল কলম্বিয়া ম্যাচে রেফারি মোটেও নেইমারের প্রতি সদয় আচরণ করেননি।
এদিকে, নিষিদ্ধ হওয়ায় কোপা আমেরিকা শেষই হয়ে গেল নেইমারের। ফাইনালে উঠলেও ব্রাজিল এই প্রতিযোগিতায় খেলতে পারবে সর্বোচ্চ তিনটি ম্যাচ।
এই কলম্বিয়ার বিপক্ষে আহত হয়েই গত বছর বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। এই কলম্বিয়াই আবার তাঁর জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াল নতুন করে। সূত্র: এএফপি। ​