নেইমারের গোলে জিতল ব্রাজিল

ব্রাজিল-সমর্থকেরা বিশ্বকাপের স্মৃতি নিশ্চয়ই ভুলতে পারেননি। স্মৃতি, নাকি দুঃস্মৃতি! সেই ব্রাজিল যখন বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামল, সেটিও কলম্বিয়ার বিপক্ষে, পুরোনো ক্ষতে নতুন রক্তক্ষরণ না হয়ে যায় না। বিশ্বকাপ নেইমারকে ছিটকে ফেলে দিয়েছিল জুনিগার একটি ট্যাকল। নেইমার-হীনতায় ব্রাজিল পরে জার্মান-লজ্জা নিয়ে ঘরের মাঠে শেষ করেছে বিশ্বকাপ।
নেইমার থাকলে ব্রাজিলের বিশ্বকাপটি অন্য রকম হতে পারত—এই মতের বিশ্বাসীরা আজ আরও একবার গলা তুলে নিজেদের মতটা জানাতে পারেন। সেই নেইমারের দুর্দান্ত গোলে আজ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটা জিতল ব্রাজিল। হোক না ১-০ গোলে, জয় দিয়েই অন্তত ব্রাজিলে দুঙ্গার দ্বিতীয় অধ্যায় শুরু হলো। বিশ্বকাপে ফাউল করেও পার পেয়ে গিয়েছিলেন হুয়ান জুনিগা। তবে এবার নেইমারকে ফাউল করে পার পাননি আরেক হুয়ান—কুয়াদ্রাদো। দ্বিতীয় হলুদ কার্ডে দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলতে হয় কলম্বিয়াকে।
তাতেও অবশ্য খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। গোলমুখ যে কিছুতেই খুলছিল না। শেষ পর্যন্ত সব ভার যেন একাই কাঁধে তুলে নিলেন নেইমার। ৮৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে সরাসরি গোল করে এই জয় এনে দিলেন। বয়স মাত্র ২২ হলেও দুঙ্গা যে যোগ্য মানুষটার কাঁধেই ব্রাজিলের নেতৃত্বভার তুলে দিয়েছেন, সেটাই প্রমাণ হলো। অধিনায়কত্বের অভিষেকেই নায়ক নেইমার। মজার ব্যাপার হলো, আজ কলম্বিয়ার নেতৃত্ব দিয়েছে জুনিগা!
জুনিগাও গোল পেতে পারতেন। তবে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি। যেটা পেরেছেন নেইমার। জাতীয় দলের জার্সি গায়ে গোলের আশ্চর্য ধারাবাহিকতাও তিনি ধরে রাখলেন। ৫৫ ম্যাচে ৩৬ গোল হয়ে গেল তাঁর। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচে থাকা বেবেতোর (৩৯) আরও একটু কাছে চলে গেলেন। সেটিও এত কম বয়সে—এটা মাথায় রাখলে নেইমার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ আপনাকে করতেই হবে।
দুঙ্গার দ্বিতীয় যুগ, তাই বলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কিন্তু দলে বৈপ্লবিক কোনো পরিবর্তন আনেননি। পরিবর্তনের কথা যদি বলতেই হয়, সেটি খেলার ধরনে আর দুঙ্গার মানসিকতায়। ২০১০ বিশ্বকাপ মাথায় রেখে তাঁকে কোচ করা হয়েছিল প্রথমবার। খেলোয়াড়ি জীবনে রক্ষণাত্মক মিডফিল্ডে খেলা দুঙ্গা ব্রাজিলকেও রক্ষণাত্মক খোলসে বন্দী করে ফেলেছিলেন বলে সমালোচনা হয়। দুঙ্গাকেই ব্রাজিলের ‘জোগো বনিতো’র হন্তারকও বলেন অনেকে।
আজকের খেলায় ফিনিশিংটা সে রকম হয়নি। রোনালদো-মাপের একজন খুনে মেজাজের স্ট্রাইকারের অভাবে এখনো ভুগছে ব্রাজিল। দলের মধ্যে বোঝাপড়ারও কিছুটা কমতি আছে। কিন্তু তা ছাড়া বেশ আক্রমণ খেলাই ব্রাজিল খেলেছে। অন্তত ডাগআউটে দাঁড়ানো লোকটা যখন দুঙ্গা, তখন ব্রাজিলের নেওয়া ১৫টি শট বলে দেয়, মেজাজটা পাল্টেছেন কোচ। এর চারটি শটই ছিল জালে। যার একটিই অবশ্য সুফলা প্রমাণিত হয়েছে। নেইমারের ফ্রি কিকটি।
ডি-বক্সের এক গজ বাইরে থেকে কিকটা নিয়েছিলেন নেইমার। গোলদুর্গের ডানপ্রান্তটা ওয়ালকে সামলাতে দিয়ে গোলরক্ষক ডেভিড ওসপিনা হয়তো খানিকটা নির্ভারই ছিলেন। কিন্তু কম্পাসে মাপা শট। ওয়ালের ওপর দিয়ে হাওয়ায় ভেসে একেবারে ডান পোস্টের কোণে আলতো চুমু এঁকে বল ঢুকে যায় জালে।
নেইমারের ছায়ায় ঢাকাই পড়ে গেছেন গত বিশ্বকাপের বিস্ময়, রিয়াল মাদ্রিদে নাম লেখানো হামেস রদ্রিগেজ। রদ্রিগেজকে তুলে রাদামেল ফ্যালকাওকে নামালেও গোলটা আর শোধ করতে পারেনি কলম্বিয়া। ফ্যালকাওয়ের জন্যও এটা দীর্ঘদিন পর কলম্বিয়ার হয়ে মাঠে নামা।
প্রীতি ম্যাচ, ১-০ গোলের জয়, তাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া; মাঠেই মুখোমুখি হওয়া সেই জুনিগার ওপর নেইমারও আর রাগ পুষে রাখেননি।
ব্রাজিল এখন এই নেইমার-সেনাপতিতেই সোনালি সুদিনের বীজ বুনছে।