নেইমারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পেদ্রির দাম ১০০ কোটি করল বার্সেলোনা

পেদ্রিছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালে অনেক বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। নেইমারের রিলিজ ক্লজ ২২ কোটি ২০ লাখ ইউরো ঠিক করেই নিজেদের নিরাপদ ভেবেছিল। দলবদলের বিশ্ব রেকর্ড যেহেতু এর অর্ধেকেরও কম (পগবার ১০ কোটি ৫০ লাখ ইউরো); বার্সেলোনা ধরেই নিয়েছিল, এত অর্থ খরচ করার মতো পাগলামি করবে না কেউ।

পিএসজি সে বিশ্বাসকে গুঁড়িয়ে দিয়েছে। লা লিগার অফিসে ২২ কোটি ২০ লাখ ইউরোর চেক নিয়ে হাজির হয়ে তারা বার্সার হাত থেকে নিয়ে গেছে নেইমারকে। এর পর থেকেই খেলোয়াড়দের রিলিজ ক্লজের ব্যাপারে আরেকটু সচেতন হয়েছে বার্সেলোনা। প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেমন যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই রিলিজ ক্লজ অন্তত ২০ বা ৩০ কোটি এবং একটু গুরুত্বপূর্ণ ফুটবলারের ক্ষেত্রে অন্তত ৫০ কোটি ইউরো নির্ধারণ করে, বার্সেলোনাও সে পথে হাঁটতে শুরু করেছে।

গত মৌসুমে মেসি–পেদ্রির বোঝাপড়া মুগ্ধ করেছে সবাইকে
ছবি: টুইটার

এর মধ্যেই কীভাবে যেন পেদ্রির রিলিজ ক্লজটা একটু কম হয়ে গিয়েছিল। এতে অবশ্য বার্সেলোনার দায় নেই। ১৭ বছরের পেদ্রিকে মাত্র ৫০ লাখ ইউরোতে লাস পালমাস থেকে কিনে এনেছিল বার্সেলোনা। বয়স বিবেচনা করে ও পালমাসের মতো ক্লাবের অভিজ্ঞতায় বার্সেলোনার দ্বিতীয় দলেই পেদ্রি খেলবেন, এমনটা ভাবা হয়েছিল। কিন্তু প্রাক্‌–মৌসুমে খেলা দেখে কোচ রোনাল্ড কোমানের মনে ধরে যায় তাঁকে।

এরপর তো ইতিহাসই করে ফেললেন পেদ্রি। বার্সেলোনার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ার সৃষ্টি হয়েছিল তাঁর। ক্লাবের ফর্ম দেখে তাঁকে জাতীয় দলে ডেকে নিয়েছিলেন লুইস এনরিকে। ইউরোর সেরা তরুণ ফুটবলার হয়েছেন পেদ্রি। স্পেনের হয়ে শুধু ইউরোতেই দুর্দান্ত খেলেননি, অলিম্পিকেও খেলতে গিয়েছিলেন। এক মৌসুমে প্রায় ৭০টি ম্যাচ খেলে ফেলেছেন পেদ্রি।

পেদ্রি এখন সামলাচ্ছেন ইউরো ও অলিম্পিকের ধকল
ফাইল ছবি: রয়টার্স

মাত্র ১৮ বছর বয়সেই সবার ভরসা আদায় করে নিচ্ছেন, এমন দুর্দান্ত এক ফুটবলারের দিকে ইউরোপের সব পরাশক্তিরই নজর পড়েছে। বায়ার্ন মিউনিখ নাকি এরই মধ্যে তাঁকে পাওয়ার চেষ্টা করছিল। তখন জানা গেল বিস্ময়কর তথ্যটি। পেদ্রির রিলিজ ক্লজ নাকি মাত্র ১০ কোটি ইউরো। অর্থাৎ বার্সেলোনার ইচ্ছার বিরুদ্ধে পেদ্রিকে রাজি করাতে পারলেই মাত্র ১০ কোটি ইউরোতে পেদ্রিকে পাওয়া সম্ভব।

বার্সেলোনা এত বড় ঝুঁকি নিতে চায়নি। তাই দ্রুতই চুক্তি নবায়নের কাজটা সেরে নিয়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আর সে সঙ্গে রিলিজ ক্লজ করা হয়েছে ১০০ কোটি ইউরো।

লিওনেল মেসির সঙ্গে দারুণ বোঝাপড়া ছিল পেদ্রির
ছবি: টুইটার

ফুটবল ইতিহাসে এত উচ্চ রিলিজ ক্লজ মাত্র দুজন খেলোয়াড়েরই ছিল, দুজনই রিয়াল মাদ্রিদের। ক্রিস্টিয়ানো রোনালদোকে অবশ্য ১০০ নয়, ১০ কোটি ইউরোর একটু বেশিতেই ছেড়ে দিয়েছে রিয়াল। আর তাঁর শূন্যস্থান পূরণ করা করিম বেনজেমার রিলিজ ক্লজও ১০০ কোটি ইউরো। তাঁর মানে রিলিজ ক্লজের দিক থেকে পেদ্রি ও বেনজেমা এখন সমান।

বার্সেলোনার ওয়েবসাইট থেকে আজ এ খবর জানিয়ে দেওয়া হয়েছে, ‘বার্সেলোনা ও পেদ্রো গঞ্জালেজ আজ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছে। রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো নির্ধারণ করা হয়েছে। এই চুক্তিতে ক্যানারি দ্বীপপুঞ্জের এই ফুটবলার এই মৌসুম ছাড়া আরও চার বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন।’

বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৫২টি ম্যাচ খেলা পেদ্রি এই মৌসুমে চোটে পড়ার আগে খেলেছেন আরও চার ম্যাচ।