নেইমারের চোখ ছয় শিরোপায়

কোপা ডেল রে, স্প্যানিশ লা লিগার পর চ্যাম্পিয়নস লিগ—একটা মৌসুমে এর চেয়ে বেশি কিছু আর পেতে পারত না বার্সেলোনা। প্রথম মৌসুমটা গেছে বিস্মরণযোগ্য, বার্সেলোনায় দ্বিতীয় মৌসুমেই নেইমার ভাসলেন অর্জনের আলোয়। এবার কি তাহলে একটু আত্মতুষ্টি ভর করতে পারে দলের ওপর? নেইমার সে রকম কোনো সম্ভাবনাই দেখেন না। এবার যে আগের অর্জনকেও ছাড়িয়ে যাওয়াকে পাখির চোখ করছেন ব্রাজিলিয়ান তারকা।
কাগজে-কলমে এবার বার্সেলোনার সামনে ছয় শিরোপার হাতছানি। কোপা ডেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতে শিরোপা ষষ্ঠক বা সেক্সটুপল পাওয়ার সুযোগ বার্সার সামনে। নেইমার সেটাই মনে করিয়ে দিলেন, ‘আমি কখনোই ক্ষুধা হারাই না। গত মৌসুমটা দুর্দান্ত ছিল, অবিশ্বাস্য। কিন্তু আমি সব সময়ই আরও বেশি চেয়েছি। আমি কখনোই সন্তুষ্ট নই। ট্রেবল তো আছেই, তবে ইদানীং আমি আরেকটা শব্দ শিখেছি, সেক্সটুপল। এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। ওটার জন্যই প্রস্তুতি নিতে হবে আমাদের।’
একটা দিক দিয়ে নেইমারের প্রেরণার অভাব নেই। ব্রাজিলের হয়ে দুঃস্বপ্নের একটা কোপা আমেরিকা পার করেছেন, চার ম্যাচ নিষিদ্ধ হয়ে মাঠের বাইরে থেকে দলের পরাজয় দেখেছেন কোয়ার্টার ফাইনালে। ২৩ বছর বয়সী স্ট্রাইকার অবশ্য এর মধ্যেও ইতিবাচক কিছু পেয়েছেন, ‘আমি দায়িত্ব নিলে কখনো সেটা আড়াল করি না। কিন্তু ফুটবলে আপনি সব সময় জিততে পারবেন না। আমার মনে হয় আমরা কোপা আমেরিকায় বিশ্বকাপ বাছাইয়ের জন্য ভালো একটা ভিত্তি গড়তে পেরেছি।’
নেইমার কোপায় পারেননি, পারেননি বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিও। তবে মেসিকে নিয়ে মুগ্ধতা তাঁর কমেনি, ‘ওর সঙ্গে যারা খেলেছে সবাই জানে লিওনেল মেসিই সেরা, সে-ই এক নম্বর।’
নতুন মৌসুমে দুজনেই কিন্তু কোপা-ব্যর্থতা ঝেড়ে ফেলতে মরিয়া থাকবেন! গোলডটকম।