নেইমারের চেয়ে মেসি-রোনালদোকে কেনা সহজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ব্যালন ডি’অরের সেরা তিন। এঁদের মধ্যে নেইমারকে কেনাই সবচেয়ে কঠিন হবে মনে করেন সিলভা। ফাইল ছবি
গত ব্যালন ডি’অরের সেরা তিন। এঁদের মধ্যে নেইমারকে কেনাই সবচেয়ে কঠিন হবে মনে করেন সিলভা। ফাইল ছবি

এবারের ব্যালন ডি’অর হয়তো বর্তমান ও ভবিষ্যতের একটা চিত্র দিয়ে গেছে। সেরা তিনে মনোনীত তিন খেলোয়াড়ের দুজন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান সময়ের সেরা। প্রায় এক দশক ধরে ফুটবলের সব রেকর্ড, বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারকে যেন নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছেন এই দুজন। আর অন্যজন নেইমারকে দেখা হচ্ছে ভবিষ্যৎ ফুটবলের রাজা হিসেবে।


তো বর্তমান না ভবিষ্যৎ—কোন সেরাকে কিনতে চাইবে দলগুলো? যাদের কেনার মতো ‘সামর্থ্য’ আছে, তারা তো পারলে তিনজনকেই নিয়ে আসে। তবে প্যারিস সেন্ট জার্মেই ডিফেন্ডার থিয়াগো সিলভার মনে হচ্ছে, এদের মধ্যে নেইমারকে দলে নিয়ে আসাই সবচেয়ে কঠিন হবে। মেসি বা রোনালদোকে তাঁদের ক্লাব বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ ছাড়লেও (যদি কখনো ছাড়ে), ভবিষ্যতের কথা ভেবেই নেইমারকে কখনো ছাড়বে না বার্সা। এমনটাই মনে করেন সিলভা।

গত কদিন ধরেই মেসি, নেইমার, রোনালদোর ভবিষ্যৎ​ নিয়ে অনেক জল্পনা চলছে। এর মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গেই বিভিন্ন সময়ে তিনজনকে জড়িয়েই অনেক গুঞ্জন রটেছে। কিন্তু কতটুকু সম্ভাবনা আছে এসব গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার? টিভি চ্যানেল ফ্রান্স থ্রি-কে এ ব্যাপারে কিছুটা ইঙ্গিতই দিলেন সিলভা। পিএসজি অধিনায়ক প্রথমে বললেন নেইমারের বিষয়ে, ‘নেইমারকে আমি অনেক পছন্দ করি। ওকে পেলে তো দারুণই হয়, কিন্তু মনে হয় না বার্সেলোনা ওকে ছাড়বে।’

কেন? ওই যে ভবিষ্যৎ​! মেসির বয়স এখন ২৮, রোনালদোর ৩০। আরও অন্তত দু-তিন বছর দুজনের রাজত্ব চলবে বলে ধরে নেওয়া হচ্ছে। এদের পর ব্যাটনটা বর্তমানে ২৩ বছর বয়সী নেইমারের হাতেই যাবে ধরে নেওয়া যায়। এখনই তো মেসি-রোনালদোর ‘দ্বৈত-শাসনে’ ভাগ বসাচ্ছেন এই ব্রাজিল ফরোয়ার্ড। এমন একজনকে কেন ছাড়তে চাইবে বার্সেলোনা?

পিএসজি তাহলে কার পেছনে ছুটবে? কিছুটা ইঙ্গিত দিয়ে দিলেন সিলভা, ‘বার্সেলোনার জন্য হয়তো মেসিকে ছেড়ে দেওয়া এখন সহজ। মেসি পিএসজিতে আসবে কি না? হয়তো...কেন নয়? সবকিছুই সম্ভব।’

শুধু মেসি নয়, রোনালদো-পিএসজি গুঞ্জনটাও উড়িয়ে দিচ্ছেন না সিলভা, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনা? রিয়াল মাদ্রিদের হয়ে ও-ই তো পার্থক্য গড়ে দেয়। যদি ও পিএসজিতে আসতে রাজি থাকে, আমাদের সাহায্য করতে, আর পিএসজির হয়েও এভাবে পার্থক্য গড়ে দিতে...।’ সিলভার শেষ না করা কথাটা বুঝে নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ইএসপিএন।