নেইমারের চোখেও সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার বলছেন, এবারের ব্যালন ডি অরের জন্য রোনালদোই ফেবারিট। ফাইল ছবি।
নেইমার বলছেন, এবারের ব্যালন ডি অরের জন্য রোনালদোই ফেবারিট। ফাইল ছবি।

ইউরোর ফাইনালের পরেই আঁতোয়ান গ্রিজমান বলে দিয়েছিলেন, এবারের ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে একরকম উঠে গেছে। নেইমার অতটা সরাসরি বলেননি, তবে সুরটা ওই রকমই। নিজের দুই বার্সা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ নন, ব্যালন ডি’অরের জন্য নেইমারের চোখে রোনালদোই ফেবারিট! এ বছরের সেরা রোনালদোই।

চ্যাম্পিয়নস লিগ জিতে ব্যালন ডি’অরের জন্য নিজের দাবিটা জানিয়ে রেখেছিলেন রোনালদো। তবে ইউরো জেতার পর এখন বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকার কথা সিআর সেভেনের। কোপা জিতলে হয়তো মেসি আরেকটু কাছাকাছি থাকতে পারতেন। নেইমারও মেনে নিচ্ছেন, এক মৌসুমে দুটি বড় শিরোপাই রোনালদোকে এগিয়ে রেখেছে, ‘ব্যালন ডি’অরে শিরোপা জেতা বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয়, সেই এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।’
গত মৌসুমে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার পর মেসি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার জিতে রোনালদোর সামনে ব্যবধানটা ৫-৪ করে ফেলার হাতছানি। এর আগে ঠিক প্রাণখুলে কখনো রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রশংসা করেননি নেইমার। কিন্তু এবার সেটিরও ব্যতিক্রম হলো, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনো আপত্তি নেই।’ সূত্র: গোল ডট কম।