নেইমারের জন্য বার্সার 'জরিমানা'
কারও পৌষ মাস, কারও সর্বনাশ। নেইমারের ব্যালন ডি’অরের প্রথম তিনে থাকায় লাভ হলো সান্তোসের, আর ক্ষতিটা হলো বার্সেলোনার।
অবাক হতেই পারেন। মেসি, রোনালদোর সঙ্গে নেইমার আছেন—সেটা তো বার্সার জন্য সুসংবাদই। ক্ষতির কথা আসছে কেন? সেটি আসছে সান্তোসের সঙ্গে বার্সার চুক্তির একটা ধারার কারণে। যে ধারা অনুযায়ী, দলবদলের পর প্রথম পাঁচ বছরে নেইমার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকলে সান্তোসকে অতিরিক্ত ২০ লাখ ইউরো দিতে হবে বার্সেলোনার।
এমনিতেই নেইমারের চুক্তি নিয়ে কম ঝামেলা হয়নি। ২০১৩ সালে ৫ কোটি ৭০ লাখ ইউরো দিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে এসেছিল বার্সেলোনা। পরে অবশ্য জানা গিয়েছিল, বার্সার আসলে আট কোটি ইউরোরও বেশি খরচ করতে হয়েছে। সেটার সিংহভাগই গেছে নেইমারের বাবা ও তাঁর স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের পক্ষে, সান্তোস পেয়েছে কমই। পরে তো জানা গেছে, ওই টাকার বড় একটা অংশের কর শোধ করা হয়নি। সে জন্য ব্রাজিলিয়ান আদালত নেইমার ও তাঁর পরিবারের ৪ কোটি ২০ লাখ ইউরো জব্দও করেছে।
সান্তোস এরই মধ্যে নেইমারের নিষেধাজ্ঞা দাবি করে হইচই ফেলে দিয়েছিল। এবার বোধ হয় সুরটা একটু নরম করবে ব্রাজিলিয়ান ক্লাবটি! গোল ডটকম।