নেইমারের জন্য হোটেলের লন্ড্রি রুমে!

প্রিয় তারকাকে দেখতে মানুষ কত কিছু করে। মেসি-রোনালদোর সঙ্গে একটু হাত মেলানো বা সুযোগ পেলে একটু আলিঙ্গনের জন্য মাঠেও ঢুকে যায়। তবে নেইমারের সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত যেটা করলেন সেটা আসলেই অভিনব। শুধু একবার চিন্তা করুন, দেখা করার জন্য হুট করে হোটেলের লন্ড্রি রুম থেকে বের হয়ে এল কোনো ভক্ত!
এমনটাই পরিকল্পনা ছিল নেইমারের এক ভক্তের। অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার জন্য ব্রাজিল দল এখন চলে এসেছে গইয়ানিয়ার হোটেলে। টিম হোটেলের লন্ড্রি রুমেই লুকিয়ে ছিলেন একজন ভক্ত। কিন্তু হোটেল স্টাফদের চোখে ধরা পড়ে যান। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। পুলিশ অবশ্য ২২ বছর বয়সী এই ভক্তকে আটকে রাখেনি, শুধু সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছে।
কিন্তু রিও অলিম্পিক উপলক্ষে তো নিরাপত্তার দারুণ কড়াকড়ি। এত কিছুর মধ্যে এই পাগল ভক্ত ভেতরে ঢুকে পড়লেন কীভাবে? পুলিশ সেটা বিস্তারিত জানায়নি, শুধু বলেছে ফাঁকটা তারা ধরতে পেরেছে। সেই ফাঁক গলে আর কেউ ঢুকে না পড়লেই হয়! এএফপি।