নেইমারের জন্য ৩২ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল মাসের প্রথম দিন হলে অনেকেই হয়তো খবরটা ‘এপ্রিল ফুল’ হিসেবে ধরে নিতেন। একজন খেলোয়াড়ের জন্য ৩২ কোটি ইউরো বা প্রায় ২৮৫০ কোটি টাকা খরচ করাটা তো অবিশ্বাস্য। ব্রিটিশ প্রচারমাধ্যমে জোর গুঞ্জন, বার্সেলোনা থেকে নেইমারকে আনতে তা খরচ করতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ অবশ্য বলে যাচ্ছেন, নেইমারকে তাঁরা কোনোভাবেই ছাড়তে চান না।
অঙ্কটা কতটা বেশি, সেটা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। দুই মৌসুম আগে গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরো দিয়ে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ, দলবদলে এটাই হয়ে আছে বিশ্ব রেকর্ড। নেইমারের জন্য ইউনাইটেডের প্রস্তাব যদি সত্যি হয়ে থাকে, এর তিন গুণেরও বেশি খরচ করতে হবে! তবে এর পুরোটাই যে বার্সা পাবে, তা নয়। নেইমারের ‘বাই-আউট’ ধারা অনুযায়ী বার্সাকে দিতে হবে ১৯ কোটি ইউরো। বাকি ১৩ কোটির বড় একটা অংশ যাবে কর পরিশোধে, আর বাকিটা ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বেতন।
ব্রাজিলের প্রধান দৈনিক গ্লোবোর দাবির পরেই এটা নিয়ে তোলপাড়। নেইমার বার্সা ছাড়বেন, এটাই তো অভাবিত। আর টাকার পরিমাণ বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটাই হয়তো শুধুই গুঞ্জন, তবে বার্তোমেউকেও এসব প্রশ্নের মুখোমুখি হতে হলো। বার্সা সভাপতি অনুমিত উত্তরই দিলেন, ‘আমরা চাই না নেইমার চলে যাক। ও এখনো তরুণ, আমরা চাই ও এখান থেকেই অবসরে যাক।’
এখন পর্যন্ত নেইমারের চুক্তি ২০১৮ সাল পর্যন্ত। হাতে তিন বছর সময় থাকলেও বার্তোমেউ এখনই চুক্তিটাকে আরও বেশি সময়ের জন্য বাড়িয়ে রাখতে চান, ‘আমরা ওর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করব। আশা করছি, শুধু সামনের তিন বছর নয়, পাঁচ বা দশ বছর ওকে আমরা পাব।’ গার্ডিয়ান, গোলডটকম।