নেইমারের জরিমানা
শেষ পর্যন্ত কর ফাঁকির মামলায় হেরেই গেলেন নেইমার। ব্রাজিলের আদালতে আজ বৃহস্পতিবার ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের আপিল নাকচ হয়ে গেছে। এতটুকু পড়েই চমকে যাবেন না। এই মামলা সান্তোস থেকে বার্সেলোনায় তাঁর দলবদল নিয়ে চলা সেই আলোচিত ঝামেলা নিয়ে নয়। এটি নেইমারের পেশাদার ক্যারিয়ার শুরুরও আগে। সান্তোসের সিনিয়র দলে সুযোগ পাওয়ার আগেই কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। আদালতে সেই অভিযোগই প্রমাণিত হলো!
সান্তোসের মূল দলে নেইমার খেলা শুরু করেন ২০০৯ সালে। তারও আগে ২০০৭-০৮ সালে নাকি আয়ের পরিমাণ কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন বর্তমান বার্সা ফরোয়ার্ড। চার বছর আগের সেই অপরাধে ২০১২ সালেই নেইমারকে ১ লাখ ১২ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৮৭ লাখেরও বেশি) জরিমানা করেছিল ব্রাজিলের রাজস্ব কর্তৃপক্ষ। তখন এর বিরুদ্ধে আপিল করেন নেইমার। সেই মামলা এত দিন ধরে চলার পর অবশেষে রায় এল। কাল আদালত নেইমারের আপিল নাকচ করে দিয়েছেন। এএফপি।