নেইমারের জায়গায় কুতিনিওকে নিয়ে নামবে ব্রাজিল?
আর ঘণ্টা চারেক পর বাংলাদেশ সময় রাত তিনটায় ইকুয়েডরের মাঠে নামবে ব্রাজিল। কিন্তু পিএসজির হয়ে খেলতে গিয়ে গত নভেম্বরে অ্যাঙ্কেলের চোটে পড়া নেইমারকে এই ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। শুধু এই ম্যাচ কেন, বাছাইপর্বে এবারের রাউন্ডে এর পরের ম্যাচ, অর্থাৎ ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটেও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তো নেইমার থাকছেন না।
তা এই দুই ম্যাচে তাহলে নেইমারের অভাব পূরণ করবেন কে? রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরু থেকে চোখধাঁধানো ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম আলোচনায় আসতে পারে।
কিন্তু ভিনিসিয়ুস তো উইঙ্গার, বয়সও মাত্র ২১। তাঁকে নেইমারের দায়িত্ব দেওয়া হয়তো বাড়াবাড়িই হয়ে যাবে। তা ছাড়া শুধু উইংয়ে গতির ঝড় তোলাই তো ব্রাজিল দলে নেইমারের কাজ নয়, খেলা গড়ে দেওয়াই মূল দায়িত্ব। সে কারণেই কি না, ব্রাজিল কোচ তিতেই বলছেন, নেইমারের অভাবটা পূরণ করবেন ফিলিপ কুতিনিও!
বার্সেলোনার হয়ে মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা কুতিনিও কদিন আগে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে গেছেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায়। সেখানে এখন কোচ হিসেবে কাজ করছেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ড, যাঁর সঙ্গে লিভারপুলে থাকার দিনগুলোতে খেলেছেন কুতিনিও।
সম্পর্কের জের ধরেই যাওয়া, ভিলায় দলের আক্রমণে প্রাণ জোগানোরও দায়িত্ব কুতিনিওর কাঁধে। দলের মূল খেলোয়াড় হয়ে খেলার দায়িত্বটা যে তিনি উপভোগ করেন, সেটি তো ভিলার জার্সিতে অভিষেকেই বুঝিয়ে দিয়েছেন কুতিনিও।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অভিষেক ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে কুতিনিও নামার সময় ভিলা ২-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু বদলি নেমে কুতিনিও এক গোল করেছেন, আরেকটি করিয়েছেন। ২-২ গোলে ড্র করে ভিলা! সেই কুতিনিওকেই নেইমারের বদলে দেখা যাবে ব্রাজিল দলে?
ব্রাজিল কোচ তিতে আশাবাদী, ‘মানুষ সব সময় নেইমারকে দেখতে চায়। কিন্তু কখনো কখনো তো সেটা সম্ভব হয় না। নেইমার এখানে না থাকায় আমাদের খারাপ লাগছে, কিন্তু আমাদের হাতে অন্য বিকল্পও আছে। আমি কুতিনিওর কথা বলছি। সে-ও ওই জায়গায় খেলতে পারে, ওর দক্ষতায় আমার বিশ্বাস আছে।’
নেইমার না থাকলেও অবশ্য একদিক থেকে ব্রাজিল নিশ্চিন্ত। ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা তো আগেই নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপ বাছাইপর্বে বাকি ম্যাচগুলো তো এখন ব্রাজিল কোচ তিতের জন্য পরীক্ষা-নিরীক্ষা আর খেলোয়াড় দেখে নেওয়ার সুযোগ।
সে হিসেবে আজ বাছাইপর্বে ইকুয়েডরের মাঠে যে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, সেটি তো ‘শাপে বর’ই হলো। সুস্থ ও ফিট থাকলে নেইমারের বিশ্বকাপে জায়গা নিয়ে তো সংশয় নেই, তিতে এখন নেইমারের জায়গায় এখন অন্য কাউকে বাজিয়ে দেখতে পারবেন। সে ‘অন্য কেউ’ এই ম্যাচে কুতিনিও-ই হচ্ছেন।
তা কুতিনিওকে নিয়ে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে জানাচ্ছে, লিডস ইউনাইটেডের রাফিনিয়া, আতলেতিকো মাদ্রিদের মাতেউস কুনিয়া ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসকে নিয়ে আক্রমণভাগ সাজাবেন ব্রাজিল কোচ তিতে। তরুণ এই আক্রমণত্রয়ীর পেছনে খেলা গড়ে দেওয়ার জন্য থাকবেন কুতিনিও।
৪-২-১-৩ ছকে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হতে পারে এমন:
আলিসন (গোলকিপার); এমারসন রয়াল, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, আলেক্স সান্দ্রো; কাসেমিরো, ফ্রেড; কুতিনিও; রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস।