নেইমারের নিষেধাজ্ঞা চায় সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বার্সেলোনায় যাওয়া নিয়ে জটিলতা যেন শেষই হতে চাইছে না। দলবদল ফি নিয়ে ধোঁয়াশায় স্প্যানিশ আদালতে বার্সেলোনার বিরুদ্ধে চলছে কর ফাঁকির মামলা, ব্রাজিলের আদালত নেইমারের প্রায় ৪ কোটি ২০ লাখ ইউরো মূল্যের সম্পত্তিও জব্দ করেছে। এর সঙ্গে যোগ হয়েছে গত মে মাসে চুক্তিভঙ্গের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে ফিফার কাছে সাবেক ক্লাব সান্তোসের আপিল। সেটির জেরে এবার নেইমারের ছয় মাসের নিষেধাজ্ঞা চেয়ে ফিফার কাছে আবেদন করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি! সঙ্গে ক্ষতিপূরণও দাবি করছে প্রায় সাড়ে পাঁচ কোটি ইউরো।
সান্তোসের দাবি, নেইমার তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। বার্সায় যোগ দেওয়ার সময় ফিফার দলবদল নিয়মের কিছু শর্ত নাকি ভঙ্গ করেছেন ব্রাজিল ফরোয়ার্ড। ফিফা এ ব্যাপারে কখন সিদ্ধান্ত জানাবে সেটি এখনো জানা যায়নি। তবে নেইমার নিজে সব সময় দাবি করে এসেছেন, তিনি সান্তোস ছেড়েছিলেন পারস্পরিক সম্মতিতেই। এমনকি ২০১১ সালে এই দলবদলে সম্মতি জানিয়ে সে সময়ের সান্তোস সভাপতি লুইস আলভারো দে অলিভিয়েরার একটি চিঠিও নিজের স্বচ্ছতা প্রমাণে দেখিয়েছেন ২৩ বছর বয়সী বার্সা তারকা। স্পোর্ত।