নেইমারের নেশা রিয়ালকে ছাড়ে না
‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না…’
রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক ও স্কাউটদের কানে কানে সম্ভবত এ সুর বাজে সব সময়। শুধু বায়োস্কোপের নয়, তাঁরা মেতে আছেন নেইমারের নেশায়। সেই কবে ২০১৩ সালে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের হাত ফসকে বেরিয়ে গেছেন নেইমার নামের ব্রাজিলের এ প্রজন্মের সেরা প্রতিভাটি। এরপর থেকেই ব্রাজিলের পরবর্তী ‘নেইমার’কে ধরতে চাইছেন পেরেজ।
প্রতিভার খোঁজে গত কয়েক মৌসুমে ব্রাজিলে প্রতিনিয়ত হানা দিয়েছে রিয়াল। চোখ কপালে তোলা দলবদলের অঙ্কে কিনে এনেছে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও রেইনিয়ের জেসুসকে। করোনার ধাক্কা সামলাতে গ্রীষ্মের দলবদলের বাজারে হাত গুটিয়ে বসেছিল রিয়াল। দেখতে দেখতে আবার শীতকালীন দলবদল চলে এসেছে। শীতের হাওয়ার সঙ্গে উড়ে এসেছে নতুন সব গুঞ্জন। আর সে গুঞ্জনে ঢুকেছে নতুন এক নাম। গত কয়েক মৌসুমের ধারা বদলায়নি। আরেক নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডে আগ্রহ দেখাচ্ছে রিয়াল!
এ মৌসুমে গ্রেমিওর সর্বোচ্চ গোলদাতার নাম এদুয়ার্দো গ্যাব্রিয়েল আকুইনো কোসসা। এই গালভরা নামে ডাকার কষ্ট করার দরকার নেই। ব্রাজিলিয়ান রীতিতে একটা দারুণ ডাকনাম পেয়ে গেছেন। এই ফরোয়ার্ডকে পেপে বলেই চেনে সবাই। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে পাঁচে থাকা গ্রেমিওর হয়ে এ মৌসুমে সর্বোচ্চ আট গোল তাঁর। সতীর্থদের সবচেয়ে বেশি গোলও করিয়েছেন (৪টি)।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গ্রেমিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জানাচ্ছে হুস্কোরডডটকম। এ ওয়েবসাইট অনুযায়ী প্রতি ম্যাচে ২.৬৬টি ড্রিবল করেন পেপে। প্রতি ম্যাচে গড়ে তাঁকে ২.৩ বার ফাউল করে প্রতিপক্ষ এবং ম্যাচপ্রতি গড়ে ১.৪টি গোলের সুযোগ সৃষ্টি করা পাস দেন। অর্থাৎ শুধু গোল করাই নয়, প্রতিপক্ষকে দুশ্চিন্তায় ফেলার মতো সব ক্ষমতাই আছে তাঁর।
ইউরোপের বেশ কয়েকটি দল তাঁকে অনুসরণ করছিল। সম্প্রতি রিয়াল মাদ্রিদ সে দলে যোগ দিয়েছে। ব্রাজিলের স্পোর্তটিভির প্রতিবেদক আন্দ্রে হেরনান টুইটারে লিখেছেন, ‘দলবদলের বাজার উত্তাপ ছড়াচ্ছে! গ্রেমিওর পেপের জন্য প্রতিযোগিতায় নেমেছে রিয়াল মাদ্রিদ। এই খেলোয়াড়কে অলিম্পিকের প্রাক-বাছাই থেকেই নজরে রাখছে স্প্যানিশ ক্লাবটি। ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হতে পারে! এ সপ্তাহেই তাদের প্রতিনিধি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছে।’
গত ফেব্রুয়ারিতে অলিম্পিকের বাছাইপর্ব খেলেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। সে দলে খেলেছেন রিয়ালের রেইনিয়ের। সে সময় থেকেই নাকি পেপের দিকে নজর রিয়ালের। গ্রীষ্মকালীন দলবদলে দু-একটি ইংলিশ ক্লাব পেপেকে কিনতে চেয়েছিল। কিন্তু গ্রেমিও বিক্রি করতে রাজি হয়নি। এবারও এমন গুঞ্জনে সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হয়নি ক্লাব।
গত কয়েক বছরে ব্রাজিলের পরবর্তী মহাতারকার খোঁজে নেমেছে রিয়াল। ৪৫ মিলিয়ন (৪ কোটি ৫০ লাখ) ইউরো দিয়ে প্রথমে ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিসিয়ুসকে নেওয়ার পর একই মূল্যে সান্তোস থেকে রদ্রিগোকে টেনে নিয়েছে রিয়াল। গত মৌসুমে আবার ফ্ল্যামেঙ্গো থেকে রেইনিয়েরকে ৩ কোটি ইউরোতে নিয়েছে পেরেজের দল। নতুন ওঠা এ গুঞ্জনে বোঝা যাচ্ছে, রিয়ালের ব্রাজিলপ্রীতি কমছে না খুব শিগগির।