নেইমার ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলের অনন্ত আক্ষেপ ঘুচিয়েছিলেন। দানি আলভেস এবার সেই আনন্দটা ধরে রাখতে পারবেন?
বিশ্বকাপটা সবচেয়ে বেশি পাঁচবার জিতে গেলেও রিও অলিম্পিকের আগপর্যন্তও ব্রাজিলের ক্যাবিনেটে একটা অলিম্পিকের সোনার পদক ছিল না। ২০১২ লন্ডন অলিম্পিকে নেইমারকে নিয়েই ফাইনালে উঠেও হেরেছিল ব্রাজিল। অবশেষে রিওতে গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল বারবোসাদের নিয়ে নেইমার ব্রাজিলের অপেক্ষার শেষ টেনে দিয়েছিলেন, এনে দিয়েছিলেন অলিম্পিকের সোনা।
পাঁচ বছর পর আবার অলিম্পিক ফুটবলের ফাইনাল, আবার সোনার পদকের হাতছানি ব্রাজিলের সামনে। এবার নেইমার নন, ব্রাজিলের স্বপ্নসারথি হয়ে টোকিও অলিম্পিকে এসেছেন দানি আলভেস, রিচার্লিসন, মালকম, মাতেউস কুনিয়ারা।
বাংলাদেশ সময় আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন। বলতে গেলে অলিম্পিকে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে আসা দুই দলই ফাইনালে উঠেছে।
ব্রাজিলের দলে যেমন ইউরোপে নাম কুড়াতে থাকা তরুণ তারকার ছড়াছড়ি, স্পেন দলেও তেমনি আছেন বার্সেলোনার পেদ্রি, রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও, বার্সেলোনার এরিক গার্সিয়া, রিয়াল সোসিয়েদাদের মূল স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবালের মতো তারকা।
শেষ পর্যন্ত আজ ফাইনালে সোনা জিতবে কোন দল? ব্রাজিল না স্পেন?
পাঠক, আপনার মত জানিয়ে দিতে পারেন পোল-এ।