নেইমারের পর এমবাপ্পেও থাকবেন না রিয়ালের বিপক্ষে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার এমবাপ্পেও পড়লেন চোটের খপ্পরে। ছবি: রয়টার্স
এবার এমবাপ্পেও পড়লেন চোটের খপ্পরে। ছবি: রয়টার্স
  •  ৬ মার্চ পার্ক দ্য প্রিন্সেসে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ।
  •  সেই ম্যাচে নেইমারকে পাচ্ছে না পিএসজি।
  •  এখন এমবাপ্পেও নিয়ে জেগেছে শঙ্কা।

মার্শেইয়ের বিপক্ষে টানা দুটি ম্যাচ খেলল পিএসজি। দুই ম্যাচেই ফল একই—৩-০। মিল আছে আরেকটি বিষয়েও। প্রথম ম্যাচে ভয়ংকর এক চোটে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। কাল মার্শেইয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পেও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের ৪ দিন আগে এমন দুঃসংবাদ নিশ্চয়ই আশা করেননি কোচ উনাই এমেরি!

মৌসুমের শুরুতে বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে দলে টেনেছে পিএসজি। কারণ, ফ্রেঞ্চ লিগে রাজত্ব বুঝে নিলেও ইউরোপে বড় দল হয়ে ওঠা হচ্ছে না তাদের। সে চমকের মধ্যেই কিলিয়ান এমবাপ্পেকেও টেনে এনেছে প্যারিসের ক্লাব। জানুয়ারি পর্যন্ত এই ফরোয়ার্ডদের নিয়ে উড়ছিল তারা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠে গিয়ে ধাক্কা খায় পিএসজি। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও ৩-১ ব্যবধানে হারতে হয়। ৬ তারিখ ফিরতে লেগে দুর্দান্ত এক ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছিলেন নেইমাররা।

কিন্তু তিন দিন আগে মার্শেইয়ের বিপক্ষে লিগের ম্যাচে পায়ের পাতার হাড় ভেঙে ছিটকে গেছেন নেইমার। পায়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়ায় অন্তত দুই মাস তাঁকে পাবে না পিএসজি। এরপর কাল আবার মার্শেইয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পেও। চোট কতটা গুরুতর, এখনো সেটা জানা যায়নি। তবে এমেরি নিশ্চয় আশা করবেন, মঙ্গলবারের আগেই সেরে উঠবেন ফরাসি ফরোয়ার্ড। না হলে তাঁর পিএসজি ক্যারিয়ার নির্ধারক রিয়ালের ম্যাচটা যে পিছিয়ে থেকেই শুরু করতে হবে তাঁকে।