নেইমারের পর এমবাপ্পের ব্যাপারেও রিয়ালের অস্বীকার!

>দুই দিন ধরেই দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদকে নিয়ে চলছে গুঞ্জন। প্রথমে শোনা গেল, নেইমারকে দলে আনছে তারা। নতুন করে শোনা যাচ্ছে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের নাম। তবে দুজনের বিষয়টিই অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ
প্রতিটি বিশ্বকাপের পরেই একটা ধারা লক্ষ করা যায়। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের নিজেদের ক্লাবে দলে ভেড়ায় বা ভেড়ানোর চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। ২০০৬ বিশ্বকাপের পর ইতালি ডিফেন্ডার ফাবিও ক্যানাভারো, ২০১০ বিশ্বকাপের পর জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল ও সামি খেদিরা, ২০১৪ বিশ্বকাপের পর কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস ও কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজ—প্রত্যেকেই বিশ্বকাপে ঝলক দেখিয়েই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন।
রাশিয়া বিশ্বকাপের পর কে আসবেন রিয়াল মাদ্রিদে? জোরেশোরে শোনা যাচ্ছে দুটি নাম—ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার ও আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে অন্যতম বড় তারকা বনে যাওয়া ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ওদিকে রিয়াল মাদ্রিদের মূল তারকা পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠে গেছে। ফলে দুয়ে দুয়ে চার মেলাতে চাচ্ছে সবাই। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ। দল বদলের বাজার তো এমনই। খেলোয়াড় পাকাপাকিভাবে ঘরে তোলার আগে সব ক্লাবই স্বীকার করতে নারাজ।
দুই দিন আগে শোনা গেল, নেইমারকে পাওয়ার জন্য ফরাসি ক্লাব পিএসজির কাছে ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। তবে নিজেদের ওয়েবসাইটে অস্বীকৃতি জানিয়েছে মাদ্রিদ। একই কাজ করা হয়েছে এমবাপ্পের ক্ষেত্রেও। দুই দিন আগে থেকেই শোনা যাচ্ছিল, ২৭২ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই বিশ্বকাপের পরেই পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এই ফরাসি স্ট্রাইকার। কিন্তু রিয়াল মাদ্রিদ এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে, ‘পিএসজি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের ব্যাপারে চুক্তির যেসব খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে রিয়াল মাদ্রিদকে জড়িয়ে, তা সম্পূর্ণরূপে মিথ্যা।’
মাত্র গত বছরেই ১৬৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আরেক ফরাসি ক্লাব মোনাকো থেকে পাকাপাকিভাবে পিএসজিতে যোগ দিয়েছেন এমবাপ্পে, ক্লাব ফুটবলে বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার জন্য পিএসজির যে পরিকল্পনা, তাতে নেইমার ও এমবাপ্পে দুজনই খুব ভালোভাবে রয়েছেন। সেই পরিকল্পনাটা কি এবার ভেস্তে দেবে রিয়াল?