নেইমারের পরামর্শেই আলভেজ পিএসজিতে!
যত দোষ নন্দ ঘোষ! নেইমারের পিএসজিতে যাওয়ার পেছনেও একজন ‘নন্দ ঘোষ’-এর হাত দেখছেন অনেকে। বার্সেলোনার কিছু সমর্থকের ধারণা, নেইমার ফরাসি ক্লাবটিতে গেছেন দানি আলভেজের পরামর্শে। কিন্তু ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেছেন উল্টোটা। তিনিই নাকি নেইমারের কথায় জুভেন্টাস থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন!
কেউ বলছেন, লিওনেল মেসির ছায়া হয়ে থাকতে চাননি বলেই বার্সা ছেড়েছেন নেইমার। কেউ আবার বলছেন টাকাই তাঁকে প্যারিসে টেনে নিয়ে গেছে। কেউ কেউ এর পেছনে দেখছেন নেইমারের বন্ধু আলভেজের হাত।
কারণ যেটাই হোক, নেইমারের চলে যাওয়া ভালোভাবে নেয়নি বার্সা সমর্থকেরা। যে কারণে এক বার্সা সমর্থক টুইট করেছেন, ‘ছোটবেলাতেই শিখেছি আবর্জনা ময়লার পাত্রে ফেলে দিতে হয়। নেইমার ও দানি আলভেজকে দিয়েই আমাদের এই অভ্যাস শুরু করা উচিত।’ আলভেজ টুইটারে এর জবাব দিয়েছেন ব্যঙ্গ করে, ‘আমিও আপনাকে ভালোবাসি!’
তবে আসল জবাবটা দিয়েছেন পরশু লিগে নিজেদের প্রথম ম্যাচে আমিয়েঁকে ২-০ গোলে হারানোর পর, ‘ও-ই (নেইমার) আমাকে এখানে আসার পরামর্শ দিয়েছিল। কারণ, ও এখানে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বন্ধুদের কাছে পাওয়াটা আমার জন্য আনন্দের। তবে ওর দলবদলে আমার কোনো হাত নেই। নেইমার এখন বড় হয়েছে। বার্সেলোনায় নাম লেখানোর সময়কার সেই ছোটটি আর নেই।’ গোলডটকম, মার্কা।