নেইমারের পাশে থাকছে না নাইকি
চ্যাম্পিয়নস লিগের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন নেইমার। কিন্তু তীরে এসে তরী ডুবেছে পিএসজির, সঙ্গে তাঁরও। ইউরোপ-সেরা হওয়ার স্বাদটা আর নেওয়া হয়নি। চ্যাম্পিয়নস লিগের ক্ষত শুকাতে না শুকাতেই ব্রাজিলের তারকা বড় একটা দুঃসংবাদ পেলেন। তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখছে না বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১১ সাল থেকে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেইমার। জানা গেছে নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারার কারণেই দুই পক্ষ আলাদা হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে নাইকির মুখপাত্র জস বেনেডেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নেইমার এখন থেকে আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন, এটা নিশ্চিত।’ ২০২২ সালে যে চুক্তি শেষ হওয়ার কথা, সেটি আগেভাগেই শেষ হয়ে যাচ্ছে কেবল দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই। গত কয়েক মাস ধরেই নেইমারের কমিউনিকেশন দলের সঙ্গে নাইকির আলোচনা চলছিল। চুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানানো হলেও নাইকি তাতে সাড়া দেয়নি। নাইকির সঙ্গে নেইমারের এই চুক্তি ছিল ১০ কোটি ৫০ লাখ ডলারের।
এদিকে ব্রাজিলিয়ান পত্রিকা ‘ফোলহা ডি সাও পাওলো’ জানিয়েছে, নাইকি সরে যাওয়ার পর নেইমার নতুন করে আরেক বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। এ ব্যাপারে আলোচনা চললেও চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। পুমাও এ ব্যাপারে কোনো কিছু বলতে রাজি হয়নি।
চ্যাম্পিয়নস লিগের শিরোপা কিংবা নাইকির সঙ্গে চুক্তি হারালেও এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি দলবদলের রেকর্ডটি নেইমারের অধিকারেই আছে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২ কোটি ইউরো ট্রান্সফার ফি’তে প্যারিস সেন্ট জার্মেইঁয়ে (পিএসজি) নাম লিখিয়েছিলেন। ব্যবসা-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের হিসাবে পিএসজি তারকা এ মুহূর্তে বিশ্বের সপ্তম ধনী ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁর বাৎসরিক আয় ৯ কোটি ৫৫ লাখ ইউরো।
ব্রাজিলের ক্লাব সান্তোস থেকেই আলো ছড়িয়েছিলেন নেইমার। সেখানে থাকতেই গাঁটছড়া বাঁধেন নাইকির সঙ্গে। ২০১৩ সালে সান্তোস থেকে নাম লেখান বার্সেলোনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিপুল জনপ্রিয়তার সঙ্গে অনন্য ফুটবল স্কিল তাঁকে খুব দ্রুতই বিশ্বের অন্যতম শীর্ষ তারকায় পরিণত করে।
তবে নানা কারণেই নেইমার নিজের ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছেন। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসার সময়ই কর-সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি ধর্ষণের অভিযোগ নেইমারকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। পর্যাপ্ত প্রমাণের অভাবে সেই মামলা থেকে নিষ্কৃতি মেলার পরেও কালো দাগটা রয়েই গেছে। এমন অভিযোগ ওঠার পর নাইকি উদ্বেগ প্রকাশ করলেও নেইমারের সঙ্গ ত্যাগ করেনি। পিএসজি ও ব্রাজিল দুই দলেরই অফিশিয়াল স্পনসর নাইকি।
এ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো, সেরেনা উইলিয়ামস, মাইকেল জর্ডান, লেব্রন জেমস, টাইগার উডসদের মতো তারকারা নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন।