নেইমারের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তোস থেকে তাঁর বার্সেলোনায় আসা নিয়ে কম জল ঘোলা হয়নি। এখন তো স্প্যানিশ আদালতে প্রতারণার মামলাই ঝুলছে মাথার ওপর। বয়স মাত্রই ২৩, স্বাভাবিকভাবেই একটা শঙ্কা এসে পড়ে, এই বিতর্ক আর মামলার ঝামেলায় ক্লিষ্ট ব্রাজিলিয়ান তারকার মনোযোগ এতে ছিন্ন হবে না তো! বার্সেলোনাকে মাঠের যে ঔজ্জ্বল্যে সদ্যসমাপ্ত মৌসুমে ত্রিমুকুট জেতালেন, পারবেন তো সেই ঔজ্জ্বল্য ধরে রাখতে!
বিতর্কিত এই ট্রান্সফার নিয়ে চলমান আইনি জটিলতায় ব্রাজিলিয়ান তারকা নিজেও বেশ হতাশ। তবু প্রতিশ্রুতি দিচ্ছেন, পারফরম্যান্সে এর প্রভাব পড়তে দেবেন না।
সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে সান্তোস থেকে ক্যাম্প ন্যুতে আনতে ৫৭ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল বলে প্রাথমিকভাবে দাবি করে আসছিল স্প্যানিশ ক্লাবটি। তবে পরে তদন্তে উঠে আসে, প্রকৃত খরচটা ছিল ৮৬.২ মিলিয়ন ইউরো। নেইমারের স্বাক্ষর নিশ্চিত করতেই তাঁর বাবার মালিকানাধীন প্রতিষ্ঠানকে গোপনে দেওয়া হয় ৪০ মিলিয়ন ইউরো!
এই বিতর্কের জেরেই ২০১৪ সালের গোড়ায় পদত্যাগে বাধ্য হন তৎকালীন বার্সা সভাপতি সান্দ্রো রোসেল। কিন্তু বিতর্কটি এখনো শেষ হয়নি। এ বছরই স্পেনের আদালত আর্থিক অনিয়মের অভিযোগে সদ্যই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া বার্সেলোনা, রোসেল ও তাঁর উত্তরসূরি জোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে যাচ্ছে।
নেইমার চেষ্টা করে যাচ্ছেন এই বিতর্ককে মাটিচাপা দিয়ে মাঠের খেলাতেই মনোযোগী থাকতে। পেলে জাদুঘর দেখতে গিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে নেইমার বললেন, ‘আমার কাজ ফুটবল খেলা, এটিই আমি ভালোবাসি। এটিকে আমি তালগোল পাকিয়ে যেতে দিচ্ছি না।’
আইন-আদালত করতে হওয়ায় নেইমার বিরক্ত, কিন্তু জানেন ন্যায়বিচারেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ‘আদালতের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সবকিছু দেখছেন আমার বাবা। আদালতে ন্যায়বিচার পেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কখনো আমি হয়তো বিরক্ত হয়ে পড়ি। কিন্তু মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়বে না।’ গোলডটকম।