
ভালোবাসার জন্য মানুষ হাতের মুঠোয় প্রাণ নেয়, দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধে লাল কাপড়। আর নেইমার একটা ব্যক্তিগত বিমান পাঠাতে পারবেন না বান্ধবীকে আনতে! বান্ধবীর নাম সোরায়া ভুচেলিচ। সার্বিয়ান এই মডেলকে বার্সেলোনায় আনতে বেলগ্রেডে নাকি নিজের বিমান পাঠিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বেলগ্রেডের ট্যাবলয়েড কুরি-এর দাবি, গত গ্রীষ্মে ইবিজায় দুজনের পরিচয়। এরপর নিয়মিত যোগাযোগ স্কাইপে। কথা ছিল, অক্টোবরের শেষে এল ক্লাসিকোর পর কদিনের জন্য বার্সেলোনায় বেড়াতে আসবেন ভুচেলিচ। বন্ধুর সঙ্গে দেখা করতে বিমানের অগ্রিম টিকিটও কেটে রেখেছিলেন ভুচেলিচ। কিন্তু তর সয়নি বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। আগের সূচি বাতিল করে নাকি হঠাৎই ব্যক্তিগত বিমান পাঠিয়ে দেন। নেইমার অবশ্য সবকিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁকে নিয়ে ট্যাবলয়েডে এসব খবর হচ্ছে শুনে হেসে বলেছেন, ‘ওরা কি এখন আমাকে বান্ধবীও জোগাড় করে দিতে চাইছে?’ডেইলি মেইল।