ঠিক মসৃণ গতিতে এগোচ্ছে না ব্রাজিলের রাশিয়া-অভিযান। একটু গতি পায় তো আবার হোঁচট খেতে হয়। তিন দিন আগে যেমন উরুগুয়ের সঙ্গে ২ গোলে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল পৌনে ৭টায় শুরু প্যারাগুয়ের সঙ্গে ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না দুঙ্গা। কিন্তু মূল দুই কুশীলবকে হারিয়ে যে একটু অস্বস্তিতে আছেন ব্রাজিল কোচ!
সে জন্য দুর্ভাগ্যের বদলে ব্রাজিল নিজেদেরই দায়ী করতে পারে। উরুগুয়ের সঙ্গে ম্যাচেই হলুদ কার্ড পেয়ে নিষেধাজ্ঞার খড়্গে পড়েছেন নেইমার ও ডেভিড লুইজ। দুজনের কেউই আজ মাঠে নামতে পারছেন না। তবে একজন ‘নতুন নেইমারকে’ দেখা যেতে পারে আজ—গ্যাব্রিয়েল বারবোসা। ১৯ বছর বয়সী সান্তোসের তরুণ এই প্রতিভাকে ডেকেছেন দুঙ্গা। গোল করার সহজাত ক্ষমতার জন্য এর মধ্যেই ‘গাবিগোল’ উপাধি জুটে গেছে এই তরুণ স্ট্রাইকারের। তার ওপর নেইমারের ক্লাব সান্তোস থেকে এসেছেন বলে দুজনের তুলনাও বেশি করে হচ্ছে। লুইজের জায়গায় নেওয়া হয়েছে করিন্থিয়ানসের ডিফেন্ডার ফেলিপেকে।
তবে প্রতিপক্ষ প্যারাগুয়ে বলেই দুঙ্গা একটু বেশি উদ্বিগ্ন হতে পারেন। ব্রাজিলকে হতাশা উপহার দেওয়ার অভ্যাসটা প্যারাগুয়ের ভালোই আছে। ২০১১ কোপা আমেরিকার পর ২০১৫ আসর থেকেও ব্রাজিলকে তারা বিদায় করে দিয়েছিল। ইকুয়েডরের সঙ্গে জয় পেতে পেতেও তাদের পাওয়া হয়নি, ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
আর্জেন্টিনাও হঠাৎ পেয়ে যাওয়া গতিটা কাজে লাগাতে চাইবে। টানা দুই জয় পেয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৮, তবে পয়েন্ট তালিকার পাঁচে আছে। চিলির বিপক্ষে মহামূল্যবান এক জয়ের পর আজ প্রতিপক্ষ তুলনামূলক সহজ, বলিভিয়া। বাছাইপর্বে বলিভিয়ার অবস্থা খুব একটা ভালো নয়, ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নিচ থেকে দুইয়ে আছে তারা। এএফপি।