নেইমারের বিরুদ্ধে 'ষড়যন্ত্রে'র গুঞ্জনে সান্তোসের ব্যাখ্যা

মেসি-সংকটে এমনিতেই বার্সা বেশ ঝামেলায়। খাঁড়ার ঘা হয়ে এল আরেকটি খবর, নেইমারকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ফিফার কাছে গেছে সান্তোস। বার্সা শিবির এমনিতেই মেসিকে নিয়ে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে এর আগেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এর ওপর নেইমারকে নিয়ে তাঁর সাবেক ক্লাবের এমন ‘উদ্যোগ’ও ভালো চোখে দেখছে না তারা। এ নিয়ে বিশ্বজুড়ে ষড়যন্ত্র-তত্ত্ব বেশ সরগরম হয়েছে বলেই হয়তো ব্যাখ্যা দিল সান্তোস।
নেইমার ও বার্সা ভক্তদের কথা, সান্তোস কী করে এত অকৃতজ্ঞ হলো! পেলে-যুগের পর এই ক্লাবটিকে স্মরণীয় সাফল্য তো নেইমারই এনে দিয়েছেন। ৪৮ বছর পর সান্তোসকে কোপা লিবার্তাদোরেস (দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন। সান্তোসের প্রতি নিজের ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা, নাড়ির টানের কথা নেইমার সব সময়ই বলেন। সেই ক্লাবই কিনা নেইমারকে ছয় মাস ফুটবল থেকে ছিটকে ফেলতে চায়! নেইমারের শুভাকাঙ্ক্ষী হলে কখনো কি এমনটা কেউ চাইতে পারে?
কিছু যুক্তিও আছে তাদের কথায়। নেইমারকে দল বদলের বাজারে বিক্রির সময় টাকার ব্যাপারে সান্তোস যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েই থাকে, সেটার বিচার তো অন্যভাবেও চাওয়া যেত। বার্সার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারত সান্তোস। ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারত। এসব না করে নেইমারকে কেন নিষিদ্ধ করতে চায় তারা? নেইমার নিষিদ্ধ হলে সান্তোসেরই বা কী লাভ?
সামাজিক মাধ্যমে এই প্রশ্নগুলো বেশ জোরালো হয়েছে বলেই হয়তো সান্তোসের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হলো। সান্তোসের দাবি, ক্লাবের অধিকার রক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিতের অংশ হিসেবেই নেইমারের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করা হয়েছে। তা ছাড়া এই অভিযোগ এই মুহূর্তে করা হয়নি। এমন নয় বার্সা এখন ঝামেলায় আছে বলেই তাদের আরও বেশি সংকটে ফেলে দিতে চেয়েছে সান্তোস। এমন অভিযোগ তারা করেছিল গত মে মাসেই। কিন্তু খবরটি সম্প্রতি ব্রাজিলীয় সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গেছে বলেই এ নিয়ে এখন বিবৃতি দিতে হয়েছে। সান্তোস নতুন করে নেইমারের বিরুদ্ধে কোনো শাস্তির আবেদন করেনি।
এ ব্যাপারে ফিফা জানিয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ নিয়ে এর বেশি কোনো মন্তব্য তারা করবে না। এ বিষয়ে কখন রায় দেওয়া হবে তারও সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ফিফা। সূত্র: ফক্স স্পোর্টস, ও’গ্লোবো।