নেইমারের ব্যাংক অ্যাকাউন্টের টাকা সরিয়ে গ্রেপ্তার চোর
৩৬ লাখ ২৬ হাজার টাকা। অঙ্কটা কম নয়। তবে ব্যাংক অ্যাকাউন্টটা যদি নেইমারের হয়, তাহলে আবার খুব বেশিও নয়। ২৭ হাজার ইউরো যে পিএসজির কাছ থেকে বেতন বাবদ প্রতি ১০ ঘণ্টায় পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইব্রাহিমোভিচ ছাড়া অন্য কোনো ফুটবলারের পক্ষেই হয়তো নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে এই পার্থক্য বোঝা সম্ভব নয়।
নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২ লাখ ২০ ব্রাজিলিয়ান লিরা সরানোর অভিযোগ উঠেছে এক ২০ বছর বয়সীর বিরুদ্ধে। সাও পাওলো পুলিশ এই অভিযোগে গ্রেপ্তার করেছে তাঁকে। তবে তদন্তের স্বার্থে এখনো পরিচয় জানানো হয়নি তাঁর।
পুলিশ জানিয়েছে, একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করা এই ব্যক্তি একটা বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত। ব্রাজিলে অনলাইনে ব্যাংকের লেনদেনের জন্য পিআইএক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। পিআইএক্স ব্যবহার করেই নেইমারের মতো অনেকের অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেছিল এই অভিযুক্ত।
নেইমারের যে অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছিল, সেটি নেইমারের বাবা চালান। অর্থ চুরির ক্ষেত্রে বড় বড় অ্যাকাউন্টকেই লক্ষ্য বানিয়েছিলেন অভিযুক্ত, যাতে অর্থের পরিমাণে গরমিল দ্রুত টের না পাওয়া যায়।
সাও পাওলো পুলিশের প্রধান ফাবিও পিনহেইরো লোপেস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে সহকর্মীর আইডি থেকে লগ-ইন করেছে এবং বিখ্যাত লোক, যাঁদের ক্রয়ক্ষমতা অনেক বেশি তাঁদের অ্যাকাউন্ট থেকে ছোট ছোট অঙ্ক চুরি করা শুরু করে। এঁরা (যাঁদের অ্যাকাউন্ট) বুঝতেই পারেনি। সে প্রথমে ১ হাজার ৪০০ পাউন্ড সরিয়েছে, এরপর ২ হাজার ৮০০ পাউন্ড। এবং এরপর ৭ হাজার পাউন্ড।’
নেইমারের ঘটনায় অবশ্য একটু ব্যতিক্রম আছে, এই অ্যাকাউন্টকে নাকি লক্ষ্য বানিয়ে রেখেছিল চক্রটি, ‘নেইমারের ঘটনা একটু অদ্ভুত। কারণ, যে এই অর্থ সরিয়েছে, সে ব্যাংকেরই কর্মী। ব্যাংক একটা ফার্মকে আউটসোর্স করেছিল, তাদের কর্মী সে।’