নেইমারের ভোট রোনালদোকে!
এই মুহূর্তে সামনের ব্যালন ডি’অর জয়ে লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেই অনেকে এগিয়ে রাখবেন। ইউরো জয়ের পর তো বটেই। আর সেটি যখন মেসির বার্সেলোনা সতীর্থ নেইমার স্বীকার করে নেন, বোঝাই যায় রোনালদো কতটা এগিয়ে গেছেন। নিজের দুই বার্সা সতীর্থ মেসি ও সুয়ারেজ নন, ব্যালন ডি’অরের জন্য নেইমারের চোখে রোনালদোই ফেবারিট!
চ্যাম্পিয়নস লিগ জিতেই ব্যালন ডি’অরে নিজের দাবিটা জানিয়ে রেখেছিলেন রোনালদো। ইউরো জেতার পর সেটি আরও জোরালো হয়েছে। কোপা জিতলে হয়তো মেসি কাছাকাছি থাকতে পারতেন। নেইমারও মেনে নিচ্ছেন, এক মৌসুমে দুটি বড় শিরোপাই রোনালদোকে এগিয়ে রেখেছে, ‘ব্যালন ডি’অরে শিরোপা জেতা বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয় সে-ই এখন সবচেয়ে ভালো জায়গায় আছে।’
গত মৌসুমে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার পর মেসি পঞ্চমবারের মতো জেতেন ব্যালন ডি’অর। এবার জিতে রোনালদোর সামনে ব্যবধানটা ৫-৪ করে ফেলার সুযোগ। এর আগে ঠিক প্রাণ খুলে কখনো রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রশংসা করেননি নেইমার। কিন্তু এবার সেটিরও ব্যতিক্রম হলো, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনো আপত্তি নেই।’ গোলডটকম।