নেইমারের মতো বেলের দলবদলেও জালিয়াতি?

বার্সেলোনা নেইমারকে কত দামে কিনেছে এটি এখনো ঠিক জানা যায়নি। ৫৭ মিলিয়ন ইউরো, ৮৩ মিলিয়ন ইউরো—অনেক অঙ্কই শোনা গেছে। এই দলবদলের জটিলতা নিয়ে মামলাও চলছে আদালতে। এরই মধ্যে আরও একজন তারকা খেলোয়াড়ের দলবদল মূল্য নিয়ে জালিয়াতির কথা শোনা যাচ্ছে—গ্যারেথ বেল।
২০১৩ সালে টটেনহাম হটস্পার থেকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ওয়েলশ উইঙ্গারকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এখন শোনা যাচ্ছে, বেলের দাম এর চেয়েও বেশি ছিল। ফুটবল লিকস নামের একটি ওয়েবসাইট জানাচ্ছে, রিয়ালের প্রকৃত খরচ ছিল ১০০,৭৫৯,৪১৭ ইউরো। এর সঙ্গে ‘সলিডারিটি ফি’ হিসেবে রিয়ালকে বাড়তি দিতে হয়েছে প্রায় ১,০১৫,৮৭৫ ইউরো। সব মিলিয়ে প্রায় ১০১,৭৭৫,২৯২ ইউরো (১০কোটি ১৭ লাখ ৭৫ হাজার ২৯২ ইউরো)।
অবশ্য রিয়ালের কাছে সুযোগ ছিল ‘মাত্র’ ৮৭ মিলিয়নের অল্প কিছু বেশি দিয়ে বেলকে দলে নিয়ে আসার। কিন্তু সেক্ষেত্রে এই উইঙ্গারকে দলে নিবন্ধন করানোর ১৫ দিনের মধ্যেই পুরো দামটা দিয়ে দিতে হতো। রিয়াল সে পথে না গিয়ে বরং চারটি কিস্তিতে পুরো অর্থ পরিশোধ করার সিদ্ধান্ত নেয়। প্রথম কিস্তি চুক্তি হওয়ার দশ দিনের মধ্যেই দেওয়া হয়েছে, শেষ কিস্তি দেওয়া হবে ২০১৬ সালের ২৪ জুলাই।
তবে যা-ই হোক, বেলকে এখন শুধু ‘হান্ড্রেড মিলিয়ন ম্যান’ বলা যাচ্ছে না। রিয়াল উইঙ্গার হয়তো একটু খুশিই হবেন, তিনি যে এখন ‘মোর দ্যান হান্ড্রেড মিলিয়ন ম্যান’। গোলডটকম।