নেইমারের মস্তিষ্ক যেন 'অটো-পাইলট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে অপেশাদার ফুটবলারের চেয়ে ১০ ভাগ কম ভাবেন নেইমার! ছবি: রয়টার্স
মাঠে অপেশাদার ফুটবলারের চেয়ে ১০ ভাগ কম ভাবেন নেইমার! ছবি: রয়টার্স

সাফল্যের শিখরে মানুষের পৌঁছানোর দুই কারণ—জন্মগত প্রতিভা ও পরিশ্রম। দুটির মেলবন্ধন অটুট হলে তবেই সাফল্য ধরা দেয়। নেইমার এ দলেই। মাঠে অসাধারণ কারিকুরি, চোখ ধাঁধানো পারফরম্যান্স—সবই তাঁর সহজাত। এসব করতে খুব একটা মাথা খাটাতে হয় না, স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যায়। নেইমারের মস্তিষ্কটা অনেকটা যেন বিমানের অটো-পাইলট পদ্ধতির মতো! এমনই জানালেন জাপানের স্নায়ুবিজ্ঞানীরা।
গত ফেব্রুয়ারিতে নেইমারের মস্তিষ্কের স্ক্যান করে বিজ্ঞানীরা দেখেছেন, মাঠে বার্সেলোনা স্ট্রাইকারের মস্তিষ্কের কার্যপ্রণালি একেবারেই সহজাত। একজন অপেশাদার ফুটবলারের চেয়েও ১০ ভাগ কম মাথা খাটাতে হয় তাঁকে। অর্থাত্ একজন শৌখিন ফুটবলারকে মাঠে যতটা ভাবতে হয়, নেইমারের ততটা লাগে না!
২২ বছর বয়সী এ ফরোয়ার্ডের মস্তিষ্কের এ ফল প্রকাশ করা হয়েছে সুইস জার্নাল ‘ফ্রন্টেইয়েরস’-এর মানব স্নায়ুবিজ্ঞান শাখায়। গবেষক ইচি নাইতো বলেছেন, ‘এমআরআইয়ের চিত্র থেকে আবিষ্কার হয়েছে, নেইমার তাঁর মস্তিষ্ক অপেশাদার ফুটবলারের চেয়ে ১০ ভাগ কম খাটান। এখানে জিনগত কোনো একটি ব্যাপার কাজ করেছে। তা ছাড়া কঠোর অনুশীলনও গুরুত্বপূর্ণ ব্যাপার।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাহলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মস্তিষ্কের কী অবস্থা? বিজ্ঞানীদের ধারণা, এই দুই তারকার মস্তিষ্কের কার্যকলাপও নেইমারের মতোই। নাইতো বলেছেন, ‘এটা পরিষ্কার ধারণা করা যায়, পায়ের কাজ ও কৌশলের ক্ষেত্রে তাঁদের মস্তিষ্ক একইভাবে কাজ করে।’ এএফপি।