নেইমারের যে 'বড় ভাই' খেলে গিয়েছেন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামালের জার্সিতে বাংলাদেশে খেলে গিয়েছেন ব্রাজিলিয়ান এভারটন সুজা সান্তোস, যিনি ব্রাজিলিয়ান ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের যুবদলেও খেলেছিলেন। এভারটন যখন সান্তোসের যুবদলের হয়ে খেলেন, নেইমারও তখন সান্তোস একাডেমিতে নাম লিখিয়েছেন
পেলের সঙ্গে এভারটন। সংগৃহীত ছবি
পেলের সঙ্গে এভারটন। সংগৃহীত ছবি

‘মামা, অনেক দিন কথা নেই, দেখা নেই। কেমন আছ?’

খানিক বাদেই মেসেঞ্জারে জবাব এল, ‘দুঃখিত মামা। ভুলে যাইনি। আমি ভালো। তুমি কেমন আছ?’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের খোঁজখবর যাঁরা নিয়মিত রাখেন, মেসেঞ্জারের অপর প্রান্তে থাকা মানুষটির নাম তাঁদের চেনার কথা। বাংলাদেশে পা রেখে প্রথম দিনের অনুশীলনেই পায়ের জাদু দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন তিনি ‘ব্রাজিলিয়ান ব্র্যান্ড’! নাম এভারটন সুজা সান্তোস। এবার চিনতে পেরেছেন?

২০০৭ সালে কাগজে-কলমে বাংলাদেশ পেশাদার ফুটবল চালু হওয়ার পর যে কজন বিদেশি ফুটবলার এ দেশের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন, তাঁদের একজন ব্রাজিলিয়ান এভারটন। ২০১০-১১ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের কমলা জার্সিতে শুরু করেছিলেন। পরের মৌসুমেই বাংলাদেশ পর্ব শেষ করেছিলেন শেখ জামালের হয়ে। ঢাকায় কাটানো সময়ে তাঁর সবচেয়ে বড় পরিচয় ছিল দুটি। প্রথমত, পাঁচবারের বিশ্বকাপজয়ী দেশের ফুটবলার। দ্বিতীয়ত, ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের যুব দলের সাবেক খেলোয়াড়। সেই সান্তোস, যেখানে পাপড়ি মিলে ফুল হয়ে ফুটেছেন বর্তমান বিশ্ব ফুটবলের বড় তারকা নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র।

শেখ জামালের জার্সিতে এভারটন। সংগৃহীত ছবি
শেখ জামালের জার্সিতে এভারটন। সংগৃহীত ছবি

এভারটন ও নেইমার দুজনের নামের শেষেই সান্তোস। বেড়ে ওঠাও এক ছাদের নিচে সান্তোসে। কিন্তু নেইমারকে এভারটন পেয়েছেন মাত্র এক বছর। ২০০১ সালে সান্তোসের যুবদলে ক্যারিয়ার শুরু করা এভারটন ক্লাবটির সঙ্গে ছিলেন ২০০৪ সাল পর্যন্ত। আর এভারটনের বিদায়ের এক বছর আগে ২০০৩ সালে এসে সান্তোসে নাম লেখান নেইমার। সেই সুবাদে নেইমার নাকি এভারটনের ‘ছোট ভাইয়ের’ মতো। এ গল্প এভারটনের নিজের মুখ থেকেই শোনা।

ক্রীড়াসাংবাদিক হওয়ার আগে এই প্রতিবেদকের প্রধান পরিচয় ছিল পেশাদার ফুটবলার। এভারটনের সঙ্গে ব্রাদার্সে একই দলে খেলার সুবাদে গোপীবাগের ক্লাব তাঁবুতে অনেকবারই শুনেছি নেইমারের আগমনী বার্তার জয়গান। তখন মনে হতো, স্বদেশি ও একই ক্লাবে বেড়ে ওঠা বলেই হয়তো নেইমারকে নিয়ে এভারটন একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করছেন। নেইমারকে নিয়ে তাঁর প্রশংসাবচন অনেক সময় বাড়াবাড়িও মনে হতো। সেটির কারণও ছিল। নেইমার যে তখনো নেইমার হয়ে ওঠেননি। ২০১৩ সালে সান্তোস ছেড়ে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার পর এ ভুল ভাঙতে আর সময় লাগেনি।

মালদ্বীপ লিগে এভারটন। সংগৃহীত ছবি
মালদ্বীপ লিগে এভারটন। সংগৃহীত ছবি

অনেক বছর পর সোমবার রাতে যোগাযোগ হলো এভারটনের সঙ্গে। খেলা ছেড়ে যে ক্রীড়াসাংবাদিক হয়েছি, সে গল্পও তাঁকে শোনাতে হলো। অনেক দিন পর কেন তাঁর সঙ্গে যোগাযোগ , সেটিও বুঝতে বাকি রইল না তাঁর। আচ্ছা, নেইমারের সঙ্গে যোগাযোগ আছে তোমার? জবাব এল, ‘না।’ তবে পরে শোনালেন নেইমারের সঙ্গে তাঁর সেই শুরুর গল্পটা, ‘আমি যখন সান্তোসের যুবদলে খেলি, নেইমার তখন ১২ বছরের কিশোর। তখনই বুঝেছিলাম, ও ভবিষ্যতের তারকা। ওরা দল বেঁধে এসে আমাদের অনুশীলন দেখত। ক্লাবের বড় ভাই হিসেবে আমাদের কাছে বিভিন্ন স্কিল শিখতে চাইত। একসঙ্গে থাকার স্মৃতি বলতে এতটুকুই মনে আছে।’

পরিচিত ছোট ভাইদের কেউ খুব দ্রুত তারকাখ্যাতি পেয়ে গেলে যা হয়, তার প্রভাব পড়েছিল এভারটনের মাঝেও। শেখ জামালে যোগ দিয়ে এভারটন তো নেইমারের মতো চুলের ছাঁটও দিয়েছিলেন, যা দেখে স্থানীয় কিছু খেলোয়াড়ও ছুটেছিলেন এভারটনকে সঙ্গে করে ধানমন্ডির সেই সেলুনে। কিন্তু নতুন চুলের ছাঁটে শেখ জামালের জার্সিতে নিজেকে আর চেনাতে পারেননি এই লাতিন ফুটবলার। বাংলাদেশেও থাকা হয়নি বেশি দিন। তবে এখন বড় অঙ্কের পারিশ্রমিকে মালয়েশিয়ান ক্লাব সাবাহ এফএতে ভালোই কাটছে ৩৪ বছর বয়সী এভারটনের।

ব্রাজিলের বিখ্যাত দৈনিক গ্লোবো স্পোর্ত পত্রিকায় এভারটনকে নিয়ে ফিচার। সংগৃহীত ছবি
ব্রাজিলের বিখ্যাত দৈনিক গ্লোবো স্পোর্ত পত্রিকায় এভারটনকে নিয়ে ফিচার। সংগৃহীত ছবি

বিশ্বকাপের সময় একজন ব্রাজিলিয়ানের সঙ্গে কথা হচ্ছে। আর জিজ্ঞাসা করা হবে না, এবার বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা কেমন, তা কি হয়! এই প্রশ্নের উত্তর নাকি মালয়েশিয়াতেও প্রতিনিয়ত দিতে হচ্ছে এভারটনকে। জবাবটা এভারটনের মুখ থেকেই শুনে নিন, ‘নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেবারিট। আক্রমণভাগে নেইমারের সঙ্গে কুতিনহো, উইলিয়ান, জেসুস ও ফিরমিনোর মতো খেলোয়াড় আছে, যা অন্য কোনো দলের নেই। এর পরই রাখব ফ্রান্সকে। তারপর আর্জেন্টিনা। তবে মেসি ও দিবালার মতো আরও কজন বিশ্বমানের ফুটবলার থাকলে আর্জেন্টিনাকে আরও বেশি এগিয়ে রাখতাম।’

বিশ্বকাপ থেকে চোখ সরিয়ে বাংলাদেশের বর্তমান ফুটবল নিয়ে জানতে চাইলেন এভারটন। ভালো সুযোগ-সুবিধা পেলে আবার বাংলাদেশে খেলতে চান বলেও জানিয়ে রাখলেন। অথচ এভারটনের বাংলাদেশে আসাটা ছিল চরম নাটকীয়তায় ভরা। তাঁর যাওয়ার কথা ছিল কাতারে। এজেন্টের ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, যেটাই হোক, ভুল করে কাতার বিমানবন্দর হয়ে তাঁকে আসতে হয়েছিল বাংলাদেশে। এ নিয়েও শুরুর দিকে তাঁর মুখ থেকে শোনা গিয়েছিল অনেক ক্ষোভের কথাও। কিন্তু প্রায় অর্ধযুগ পরে আবারও ঢাকায় ফিরে আসার ইচ্ছাতেই বোঝা গেল, একজন ব্রাজিলিয়ানের হৃদয়ে গেঁথে গিয়েছে বাংলাদেশ ।