নেইমারের সেই ‘বড় ভাই’ গানসো আবার ফিরছেন সান্তোসে?

নেইমার ও গানসো। যেন ভাইয়ের মতো একে অন্যের টাই ঠিক করে দিচ্ছেন।ছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক পেরিয়ে গেল সে সময়টার। ব্রাজিল তো বটেই, দক্ষিণ আমেরিকা মাতিয়েছিলেন দুজন। ইউরোপে সাড়া পড়ে গিয়েছিল—ব্রাজিলের ক্লাব সান্তোসে দুই রত্নের খোঁজ মিলেছে। দুজন তো ভালোই, তখন বরং তর্ক হতো এ নিয়ে যে নেইমার না গানসো—কে বেশি ভালো ফুটবলার

নেইমার সেখান থেকে প্রতিভার সমান্তরালে প্রাপ্তি কুড়িয়েছেন। সান্তোস থেকে বার্সেলোনায় এসে সর্বজয় করেছেন, সেখান থেকে পিএসজিতে গিয়ে বিতর্ক আর চোটের মধ্যেও খেলোয়াড় হিসেবে হয়েছেন আরও পরিপূর্ণ। কিন্তু নেইমার নিজে যাকে ‘বড় ভাই’ মানতেন, সেই গানসো কোথায়?

সান্তোস হয়ে তখন ব্রাজিলের জার্সিতেও নেইমার-গানসো ছিলেন পাশাপাশি।
ছবি: ইনস্টাগ্রাম

তিনি আছেন ব্রাজিলের ফুটবলপ্রেমীদের দীর্ঘশ্বাসে। ইউরোপে খেলেছেন বটে; সেভিয়া, আমিয়ঁর মতো ক্লাবে কদিন কাটিয়েছেন। কিন্তু চোট আর ফর্মের সঙ্গে যুঝে পেরে ওঠেননি। ব্রাজিলে ফিরেছেন তা-ও বছর দুয়েক হয়ে গেল, কিন্তু ছন্দে আর ফেরা হয়নি।

কিন্তু সেই পাওলো হেনরিক গানসোই এই ৩১ বছর বয়সে এসে আবার শিরোনামে। যে সান্তোস থেকে তাঁর নাম ছড়ানো, নেইমারের সঙ্গে জুটি বেঁধে সান্তোসকে দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্ব এনে দেওয়া, সেই সান্তোসে আবার তাঁর ফেরার গুঞ্জন চাউর হয়েছে।

সাও পাওলোতে কাকার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল গানসোর।
ছবি: ইনস্টাগ্রাম

২০১১ সালের জুন। ৪৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা লিবার্তাদোরেস জিতল সান্তোস। দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বসূচক যে ট্রফিটা সান্তোস তার আগে জিতেছিল কিংবদন্তি পেলের সময়ে। লিবার্তাদোরেসের পাশাপাশি সে সময় টানা তিনবার রাজ্য চ্যাম্পিয়নশিপ জিতেছে, জিতেছে কোপা দো ব্রাজিলও। ষাটের দশকে পেলের দলের পর সান্তোসের সফলতম সময় চলছে তখন।

আর এর মূলে তাঁরা দুজন। সাদা-কালো জার্সিতে তখন তারুণ্যের উচ্ছ্বাসে সৃষ্টিশীল ফুটবলের ফুল ফুটিয়ে যাচ্ছেন নেইমার। বাঁ উইং ধরে তাঁর পায়ের নাচন ব্রাজিল ছাপিয়ে মোহাবিষ্ট করছে পুরো বিশ্বকে। কিন্তু তাঁর ঠিক পেছনে দলের আক্রমণ গড়ে দেওয়ার কাজটা সুনিপুণভাবে করে যাচ্ছেন যিনি, তিনিও অগোচর থাকেন কীভাবে! ‘১১’ নম্বর জার্সির নেইমার না ‘১০’-এর গানসো...কে এরপর ইউরোপের বড় ক্লাবে বেশি আলো ছড়াবেন, আলোচনা ছিল তখন এ নিয়ে। আকাশ তখন দুজনের সীমানা।

কিন্তু ফুটবল সব সময় প্রাপ্য বুঝিয়ে দেয় না। শুধু প্রতিভার বিচারেই সাফল্য হয় না। সাধনা লাগে, লাগে সিদ্ধান্তের বিচক্ষণতা। ভাগ্যকেও পাশে প্রয়োজন পড়ে। যে দিকগুলোতে মার খেয়ে যান গানসো।

সান্তোসের দিনগুলোতে রবিনিওর সঙ্গে। রবিনিও এখন ধর্ষণের মামলার আসামী, গানসো ব্রাজিলের জাতীয় দলে বিস্মৃতপ্রায়।
ছবি: ইনস্টাগ্রাম

নেইমার ২০১৩ সালে গেলেন বার্সেলোনা, নেইমারের দুবছরের বড় গানসোও একই বছর সান্তোস ছেড়েছেন। কিন্তু ইউরোপে নয়, গেলেন ব্রাজিলেই সান্তোসের চিরপ্রতিদ্বন্দ্বী সাও পাওলোতে। পেছন ফিরে ব্রাজিলিয়ান প্লেমেকারের কী এখন মনে হয়, বাজিতে ভুল হয়ে গেছে সেখানেই?

নেইমার বার্সেলোনায় লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সঙ্গে মিলে ইউরোপ রাঙিয়েছেন, লিগ-চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, এরপর ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার বনে গেছেন পিএসজিতে।

যখন ফ্রান্সের পুঁচকে ক্লাব আমিয়ঁতে খেলতেন গানসো।
ছবি: ইনস্টাগ্রাম

আর গানসো? চোটের সঙ্গে লড়াই, ফর্মের সঙ্গে বোঝাপড়া চলতে থাকা ক্যারিয়ারে ২০১৬ সালে সাও পাওলো থেকে গেলেন স্পেনের সেভিয়ায়, সেখান থেকে ২০১৮-১৯ মৌসুমে ধারে খেলতে গেলেন ফ্রান্সের ক্লাব আমিয়ঁতে।

কেমন করেছেন, তা সংখ্যা দেখেই বুঝে নেওয়া যায়। সেভিয়া-আমিয়ঁ মিলিয়ে তিন বছরে ম্যাচ খেলেছেন ৩০টি, গোল করেছেন মাত্র ৪টি। ব্যর্থ ইউরোপ-অধ্যায় শেষে ২০১৯ সালের জুলাইয়ে ফিরে গেছেন ব্রাজিলে, সেবার ঠিকানা হলো ফ্লুমিনেন্স। সেখানে এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ৭ গোল করেছেন।

কিন্তু ছন্দ ফিরুক না ফিরুক, গানসো শিরোনামে এলেন অতীত ফেরানোর গুঞ্জনের কারণে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম লিখেছে, ফ্লুমিনেন্সে থেকে গানসোকে ধারে ‘ঘরে’ ফেরাতে চায় সান্তোস। আগামীকাল থেকে ব্রাজিলের লিগ ‘সিরি-আ’ শুরু হচ্ছে, এর আগে চুক্তিটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ে গেলে দুই পক্ষেরই হয়তো লাভ।

সান্তোস ছাড়ার পরও নেইমারের সঙ্গে মাঠের বাইরে মাঝে মাঝে সময় কাটিয়েছেন গানসো। এখানে তাঁদের পাশে আরেক ব্রাজিলিয়ান ফুটবলার আন্দ্রে ফেলিপে, যিনি এখন ব্রাজিলের ক্লাব স্পোর্ত রেসিফেতে খেলেন।
ছবি: ইনস্টাগ্রাম

নেইমার-গানসোদের কল্যাণে ২০১১ সালে যে কোপা লিবার্তাদোরেস জিতেছিল, এরপর গত জানুয়ারিতেও আবার টুর্নামেন্টটার ফাইনালে ওঠে সান্তোস। এবার অবশ্য জিততে পারেনি, ফাইনালে হেরে যায় ব্রাজিলেরই ক্লাব পালমেইরাসের কাছে। কিন্তু এরপর থেকে যেন উল্টো পথে এগোচ্ছে সান্তোস।

ক্লাবের আর্থিক অবস্থা অনেক দিন ধরেই ভালো নয়, করোনায় তা আরও খারাপ হয়েছে। এবারের লিবার্তাদোরেস ফাইনালে ওঠা সেই ফাটল ঢাকা কাগজের মতো এসেছিল। কিন্তু ফাইনালে হারের পর আবার ছন্নছাড়া সান্তোস।

গানসো তখন সেভিয়ায়। মাঠে দেখা হলো নেইমারের সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম

সেই ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা কানাডিয়ান ক্লাব টরন্টো এফসিতে চলে গেছেন গত মৌসুমে সান্তোসের সাফল্যের অন্যতম বড় রূপকার ভেনেজুয়েলান প্লেমেকার ইয়েফারসন সোতেলদো। ক্লাব ছেড়েছেন কোপা কুচাও। তাঁর বিকল্প হিসেবে আর্জেন্টিনা থেকে আরিয়েল হোলান এলেও তাঁর অধীনে সান্তোস এতই বাজে খেলেছে যে হোলানের বাড়িতে সান্তোস সমর্থকেরা আতশবাজি ছুড়ে মেরেছেন, বাড়ির দেয়ালে শাসানো অনেক কথা লিখে রেখেছিলেন।

সান্তোসের দিনগুলোতে নেইমারের সঙ্গে গানসো। শিরোপায় উজ্জ্বল সোনালি দিনগুলো কি মন পোড়ায় গানসোর?
ছবি: ইনস্টাগ্রাম

লেখার কারণ? রাজ্য চ্যাম্পিয়নশিপ পলিস্তায় ১২ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে প্রথম রাউন্ডেই বাদ পড়েছে সান্তোস। লিবার্তাদোরেসেও বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। পরের রাউন্ডে যেতে হলে গত বৃহস্পতিবার ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিততে তো হতোই, সান্তোসকে প্রার্থনায় থাকতে হতো গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় বোকা জুনিয়র্স যেন পয়েন্ট হারায়। পরেরটা পরে, নিজেদের ম্যাচেই বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যায় সান্তোস।

তা না হোক, বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় বাহিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে সান্তোসের ব্রাজিলিয়ান লিগ মৌসুম। আর এরই মধ্যে আর্জেন্টাইন কোচ হোলানকে বরখাস্ত করে ফার্নান্দো দিনিজকে কোচ করে আনা সান্তোস এখন আশা দেখছে তাঁকে ঘিরেই। আশা কালকের ম্যাচ ঘিরে যেমন, তেমনি গানসোকে পাওয়ার ব্যাপারেও।

সেভিয়া থেকে ২০১৯ সালে যখন ফ্লুমিনেন্সেতে ফেরেন গানসো, ফ্লুমিনেন্সের কোচ ছিলেন দিনিজ। গানসোকে আনতে ফ্লুমিনেন্সে বোর্ডকে বুঝিয়ে-সুঝিয়ে রাজি করিয়েছিলেন দিনিজ।

‘আমার কাছে গানসো একজন জিনিয়াস। (ম্যানচেস্টার সিটির বেলজিয়ান প্লেমেকার) কেভিন ডি ব্রুইনা যে ধরনের ফুটবল খেলে, প্রতিভার দিক থেকে সে-ও (গানসো) একই মানের। গানসোর পায়ে বল গেলে আপনার মনে হবে কিছুই হবে না, কিন্তু ও সব সময় কিছু না কিছু করে দেখায়’—২০১৯ সালে ব্রাজিলের বিনোদন, ফুটবল ও কৌতুকবিষয়ক ইউটিউব চ্যানেল দেসিমপেদিদোসে বলেছিলেন দিনিজ।

আর গানসোকে পাওয়া সান্তোসের জন্য দরকার কেন? সোতেলদো চলে যাওয়ার পর সান্তোসের প্লেমেকারের অভাব, ৩১ বছর বয়সী গানসো তা পূরণ করতে পারবেন। আর তাঁর অভিজ্ঞতা পথ দেখাবে গত মৌসুমে সোতেলদোর পাশাপাশি আলো ছড়ানো তরুণ প্রতিভাবান কাইও জর্জ কিংবা ১৬ বছরের বিস্ময় আনহেলোকে। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাইও জর্জকে অনেকে নেইমারের উত্তরসূরিও ভাবেন।

কিন্তু গানসোকে আনার পথে সান্তোসের একটা বাধাও আছে। বাধাটা আর্থিক। গোলডটকমের ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের পত্রপত্রিকার খবর, ধারের চুক্তির ক্ষেত্রেও গানসোর বেতনের অর্ধেক বহন করার সামর্থ্য সান্তোসের নেই! ফ্লুমিনেন্সেও এ দলবদলের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটে আছে।

গত শনিবার রাজ্য চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে ফ্লুমিনেন্সের হারের পর গানসোর সান্তোসে যাওয়া নিয়ে প্রশ্নে ফ্লুমিনেন্সে কোচ রজার মাচাদো বলেছেন, ‘আমি কিছুই দেখিনি। গত কদিনে খবর দেখার সময় পাইনি। সে কারণে আমার কানে যা আসেনি, এমন কিছু নিয়ে কথা বলতে চাই না।’ ওই ম্যাচটাতে বেঞ্চে বসে ছিলেন গানসো।

মাচাদো পাশ কাটিয়ে গেলেও চুক্তিটা হলে ফ্লুমিনেন্সের জন্য একটা লাভ আছে। সান্তোস যদি গানসোর বেতনের অর্ধেকও বহন করে, তাতেও যে ফ্লুমিনেন্সের লাভ। অন্তত অর্ধেক বেতন দিতে হবে না। যেখানে গানসো ফ্লুমিনেন্সেতে প্লেমেকার হিসেবে হুয়ান কাজারেস ও নেনের পর তৃতীয় পছন্দের খেলোয়াড় হয়ে আছেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তের সাংবাদিক লুকাস মুসেত্তি পেরাজোল্লি অবশ্য আরও দিন চারেক আগেই জানিয়েছেন, বেতন নিয়ে সমঝোতা না হওয়ায় চুক্তিটা ভেস্তে যাওয়ার পথে। ফ্লুমিনেন্সে গানসোকে সান্তোসে ধারে পাঠাতে রাজি ছিল বলেই জানিয়েছেন পেরাজোল্লি।

তাঁর ফেরার সম্ভাবনা তাই এখন কম মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মিলে গেলে, শেষ পর্যন্ত গানসো শৈশবের ক্লাবে ফিরে কিছু করতে পারবেন কি না, এই ৩১ বছর বয়সে এসে অনেক প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া ক্যারিয়ারে কিছুটা তৃপ্তি পাবেন কি না, সেটা ভবিষ্যৎ বলবে।

তবে আর কিছু হোক না হোক, সান্তোসে ফিরে অন্তত তাঁর ওপর সান্তোস সমর্থকদের যে জমা ক্ষোভ, সেটা তো কিছুটা মেটানোর চেষ্টা করতে পারবেন গানসো। ২০১৩ সালে তাঁর সান্তোস ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী সাও পাওলোতে যাওয়া যে সান্তোস সমর্থকেরা এখনো ক্ষমা করেননি। কে জানে, হয়তো তাঁদের অভিমানই গানসোকে ক্যারিয়ারে এগোতে দেয়নি।

শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় ক্লাবে ফিরে মাঠে-মাঠের বাইরে ধুঁকতে থাকা সান্তোসকে পথে ফেরাবেন গানসো? সে ক্ষেত্রে সান্তোসের সমর্থকেরা আবার অভিমান ভুলে তাঁকে বুকে টেনে নেবেন নিশ্চিত।