নেইমারের সেরা চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন ডিফেন্ডার আপনাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে?
ফরোয়ার্ডদের কখনো না-কখনো প্রশ্নটার মুখোমুখি হতেই হয়। নেইমারকে দিতে হলো এই প্রশ্নের উত্তর। বার্সেলোনার হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগে বা ব্রাজিলের জার্সি গায়ে অনেক বিশ্বমানের ডিফেন্ডারদের বাধার মুখে পড়েছেন। তাঁদের মধ্যে চারজনকে বেছে নিলেন বার্সেলোনা ফরোয়ার্ড, ‘অনেক ভালো ভালো ডিফেন্ডার আছে, বলা কঠিন। মাচেরানো, পিকে, থিয়াগো সিলভা বা সার্জিও রামোস।’ প্রথম তিনজন আবার নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থ। তবে নেইমার শেষজন অর্থাৎ রামোসের প্রশংসা করলেন আলাদাভাবে, ‘ও একজন দুর্দান্ত সেন্টারব্যাক।’
মেসি, ইনিয়েস্তা, জাভি ও সুয়ারেজের মতো বিশ্বমানের খেলোয়াড়ের সঙ্গে খেলেছেন। এমন কেউ কি আছেন, যাঁর সঙ্গে খেলতে না পারায় আফসোস আছে? নেইমার উত্তরটা দিলেন একটু বিশদভাবে, ‘রবিনহোকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। পরে আমি তার সঙ্গে সান্তোস ও ব্রাজিলের হয়ে খেলতে পেরেছি। আমি রোমারিওর অনেক বড় ভক্ত, ওঁর সঙ্গে খেলতে পারলে ভালো হতো। জিদানের সঙ্গেও। রোনালদোর ব্রাজিলের শেষ ম্যাচে আমি ছিলাম। তাঁর সঙ্গে আরও খেলতে পারলে ভালো লাগত।’
ব্রাজিল ও বার্সেলোনার হয়ে মনে রাখার মতো কত গোলই করেছেন। তবে নেইমারের কাছে এখনো স্মরণীয়তম সান্তোসের হয়ে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে করা গোলটি, ‘আমার ক্যারিয়ারে মনে রাখার মতো অনেক গোলই করেছি। তবে একটা বেছে নিতে বললে আমি ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে করা গোলটাই বেছে নেব। ওই গোলটার জন্য পুসকাস পুরস্কারও পেয়েছি (২০১১ সালে)।’ গোলডটকম।